সাদা খাতা জমা দিয়ে সেরা নম্বর পেলেন জাপানি ছাত্রী


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ জাপানের মিয়ে বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এ ঘটনা। আর ওই ছাত্রী নাম এইমি হাগা। তার বয়স ১৯ বছর বলে জানিয়েছে বিবিসি। কিন্তু সাদা খাতায় সেরা নম্বর পাওয়ার রহস্যটা কী? আসলে এইমি সে অর্থে সাদা খাতা জমা দেননি। খাতায় রচনাটি তিনি লিখেছিলেন অদৃশ্যমান কালিতে।

মিয়ে বিশ্ববিদ্যালয়ের নিনজা ক্লাবের সদস্য এইমি ‘আবুরিদাশি’ নামের এক ছোট্ট নিনজা কৌশল খাটিয়েই করেছিলেন কাজটি। এ কৌশলে সয়াবিন ভিজিয়ে রেখে পরে গুঁড়ো করে তার সঙ্গে পানি মিশিয়ে অদৃশ্য কালি তৈরি করা হয়। ছোটবেলায় এ কৌশল সম্পর্কে পড়েছিলেন এইমি। তাই অন্যদের চেয়ে আলাদা কিছু করার চিন্তা থেকেই অদৃশ্যমান কালিতে শিক্ষক ইউজি ইয়ামাদার কাছে রচনা লেখা খাতা জমা দেন এইমি।

বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও নিনজা সংস্কৃতি পড়ান ইয়ামাদা । সেদিন নিনজা ইতিহাস ক্লাসে ইগারিউ নিনজা জাদুঘর ভ্রমণের অভিজ্ঞতার ওপর রচনা লিখতে দিয়েছিলেন তিনি। তার আগেই ইয়ামাদা বলে রেখেছিলেন, কেউ উদ্ভাবনী ক্ষমতা দেখাতে পারলে সেরা নম্বর দেবেন।

তাই এইমির নিনজা স্টাইলে লেখা রচনায় মুগ্ধ হয়ে ইয়ামাদা তাকে সর্বোচ্চ নম্বর দেন। এইমি খাতাটি জমা দেওয়ার আগে সেটিতে দৃশ্যমান কালিতে লিখে দিয়েছিলেন, ‘পড়ার আগে তাপ দিয়ে নিন’।

এ লেখাটি দেখেই শিক্ষক ইয়ামাদা বিষয়টি বুঝতে পারেন এবং বাসায় গিয়ে একটি গ্যাস স্টোভের উপর খাতাটি রেখে গরম করেন। আর তখনই ফুটে ওঠে এইমির লেখা। এমন সৃজনশীলতা দেখে ভীষণ মুগ্ধ হন ইয়ামাদা। তাছাড়া, এইমি রচনাটিও লিখেছিলেন ভাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *