প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম বিশেষ প্রতিনিধি মোহাম্মেদ ফয়জুর রহমান :: সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে গত ১০ অক্টোবর দিবাগত রাতে পুলিশি নির্যাতনে মর্মান্তিকভাবে নিহত যুবক রায়হান আহমেদ-এর শোক বিহ্বল পরিবারের সদস্যদের শান্তনা ও সমবেদনা জানানোর উদ্দেশ্যে সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী এবং সমাজসেবীদের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর আখালিয়া এলাকার নিহারি পাড়াস্থ নিহত রায়হানের বাসায় যান। নিহত রায়হানের শোকে মুহ্যমান পরিবারের সদস্যদের সাথে আলাপকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে রায়হান হত্যা মামলায় ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে তাঁরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সিলেট বিভাগের প্রায় দেড় শ’ বছরের গৌরবময় সাংবাদিকতার ইতিহাসে প্রথম দৈনিক সংবাদপত্র ‘দৈনিক সিলেটের ডাক’-এর স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা সম্পাদক-প্রকাশক, সিনিয়র সাংবাদিক-লেখক- গবেষক এবং বাংলাদেশ মানবাধিকার ব্যুরো (বিএইচআরবি) সিলেট বিভাগীয় সভাপতি মুহাম্মদ ফয়জুর রাহমানের নেতৃত্বে সাংবাদিক-আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সমাজসেবীদের এ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন বিএইচআরবি সিলেট জেলা সভাপতি ও জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রিয় সভাপতি মো. আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, ওকাস-এর সাধারণ সম্পাদক, সাংবাদিক-আইনজীবী মুহাম্মদ তাজ উদ্দিন এড. বিএইচআরবি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক, কবি আব্দুল মুকিত অপি এডভোকেট, বিএইচআরবি সিলেট জেলা শাখার কর্মকর্তা ও সমাজসেবী-রাজনীতিবিদ সৈয়দ আহমদ আলী, ইউরোপ ভিত্তিক টিভি নেটওয়ার্ক ‘চ্যানেল এস’- ইউকে’র সিলেট ব্যুরো চিফ সাংবাদিক মঈন উদ্দীন মঞ্জু এবং সাংবাদিক ইজাজুল হক ইজাজ।
উল্লেখ্য যে, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য চাপ্টারও রায়হান হত্যার ন্যায় বিচার প্রাপ্তিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দিয়েছে ইতোমধ্যে।
পরিষদের যুক্তরাজ্য চাপ্টারের সভাপতি মো: আশিকুর রহমান এ ব্যাপারে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন।
