আমি কবিতা লিখি ।
সেগুলো ভালোবাসার কবিতা কিনা জানি না ।
তবে তোমায় নিয়েই লিখি ।
কবিতা পড়ে সবাই প্রশ্ন করে , কে সেই মেয়ে ?
আমি হেসে বলি , কেনো ?
এমনি এমনি কবিতা লেখা যায় না ?
আমি জানি, হয়তো না বুঝেই তুমি ভালোবাসো
তোমায় নিয়ে লেখা আমার কবিতা ।
তুমি আমায় বলেছো, কি কবি, জীবন বৃত্তান্ত লিখছো কবে ?
আমি সেই হেসে বলেছি , বিখ্যাতদের জীবনবৃত্তান্ত,
সে তো মৃত্যুর পর প্রকাশ পায় !
তুমি ব্যঙ্গ করে বলেছো , ও আচ্ছা ! তাই নাকি ?
আমি বিখ্যাত না । তবু সত্যিই কি মৃত্যুর আগে তুমি জানবে না ?
জানবে না আমার জীবন বৃত্তান্ত ?
হয়তো জানবে না ।
আর আমি যখন থাকবো না,
নিতান্ত কৌতুহলী হয়েও পড়ে দেখো ঐ নীল ডায়েরী টা ।
কোনো এক ধুসর পৃষ্ঠায় লেখা । আমার জীবন বৃত্তান্ত : তুমি
লেখক ও সাংবাদিকঃ মোঃ শহিদুল ইসলাম শহিদ
