প্রবাস বার্তা ২৪ ডট কম নিউজ ডেস্কঃ সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার ১৪ই জুলাই বিকেল সাড়ে পাঁচটায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে দরগাহে হযরত শাহজালাল (রাঃ) এর মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয় ।
এর আগে দুপুরে শেষবারের মতো নিজের পুরনো কর্মস্থলে নগরভবনে আ ফ ম কামাল এর মরদেহ রাখা হয়। নগর ভবনে বিভিন্ন পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা যানাতে আসে। সিলেটের শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সিলেটের সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আ ফ ম কামালের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শাম্নম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ প্রমুখ।
এই সময় বক্তারা কামালকে একজন সফল রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করে বলেন তিনি সিলেট পৌরসভা পর পর দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন । সিলেট মহানগরের অনেক উন্নয়নের নায়ক তিনি । রাজনীতিবিদ হিসেবে তিনি অনেকের জন্য ছিলেন অনুকরণীয় । বক্তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় দরগায়ে হযরত শাহজালাল (রাঃ) মাজার প্রাঙ্গণে সেখানে তাকে দাফন করা হয়েছে।
