প্রবাস বার্তা ২৪.কম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ গিলাফ চড়ানোর মধ্য দিয়ে উপমহাদেশের অন্যতম ইসলাম প্রচারক হযরত শাহজালাল (র.) এর ৭০০তম ওরস মঙ্গলবার শুরু হয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশের লাখো ভক্ত-আশেকানদের ঢল নেমেছে দরগাহ প্রাঙ্গণে। মঙ্গলবার সকাল থেকেই দরগাহ প্রাঙ্গণের মুখরিত হতে থাকে মিছিলে মিছিলে।
দেশ-বিদেশের দলবেঁধে আসা ভক্তদের হাতে ছিল নানা রঙয়ের গিলাফ। আর মুখে মুখে উচ্চারণ ‘লালে লাল, বাবা শাহজালাল’। বুধবার ভোর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা। ভক্তরা জানান, হযরত শাহজালাল (র.) আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও বিশ্ব শান্তির কামনা করছেন তারা।
বুধবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ওরস শেষ হবে। মোনাজাতের পর পরই অগণিত ভক্তদের মাঝে বিতরণ করা হবে শিরনি। শান্তিপূর্ণভাবে বার্ষিক এই উৎসব সম্পন্ন করতে মাজার কর্তৃপক্ষ সব ধরণের প্রস্তুতি নিয়েছে।


নিরাপত্তা ব্যবস্থা : সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বলেন, ওরসে মহানগর পুলিশের পক্ষ থেকে তিনটিস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাস টার্মিনাল থেকে শুরু করে ওরসে আগমনকারীদের নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ কাজ শুরু করেছে। পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এছাড়া মাজার ও আশাপাশের এলাকায় ৬০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে গিলাফ প্রদান করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি গিলাফ প্রদান করেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।
খালেদা জিয়ার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষ থেকে শাহজালাল (রহ.) এর মাজারে গিলাফ প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সকালে আরিফুল হক চৌধুরী মাজারে গিয়ে গিলাফ চড়ান।
প্রসঙ্গত, ইসলাম প্রচারের জন্য হজরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটের দরগাহ গেইট এলাকায় তিনি যে টিলায় বসবাস করতেন সেখানেই তাঁকে দাফন করা হয়।
