প্রবাসবার্তা২৪.কম, সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ সিলেটের সুরমা নদীর পাড়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছেন তিন ব্রিটিশ এমপিসহ কনজারভেটিব ফ্রেন্ডস অব বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধি দল।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পাড়ে চাঁদনীঘাট এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির পল স্কালি এমপি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট এনি মারগারেট মেইন এমপি এবং বব বø্যাকম্যান এমপির নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল। তারা সিলেটে গত কয়েক মাস ধরে চলমান ‘ক্লিন সুরমা গ্রীন সিলেট’ প্রজেক্টের সঙ্গে একাত্মতা করে এ পরিচ্ছন্নতা অভিযানে নামেন।
এসময় এমপিরা বলেন, সিলেট তথা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ। এখানকার তরুণ সমাজ যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা আসলেই দৃষ্টান্তস্বরূপ। আমরাও তাদের সঙ্গে পরিবেশ রক্ষার আন্দোলনে এখানে অংশগ্রহণ করতে পেরে গর্বিত। তারা সুরমা নদীর পাড় পরিস্কার রাখতে সবার প্রতি আহবান জানান।
