প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ তিন সপ্তাহ ধরে সংগঠন থেকে দূরে রয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সংগঠনের সর্বোচ্চ ফোরাম সভাপতিমণ্ডলীর সভায়ও কাল উপস্থিত ছিলেন না তিনি। তাঁর বিতর্কিত ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয় সভায়। বিকল্প কাউকে তাঁর দায়িত্বে চান নেতারা। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই তাঁদের। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা চাইবেন তাঁরা।
এদিকে পিয়ন থেকে যুবলীগের দপ্তর সম্পাদক হয়ে বিত্তবৈভব গড়ে তোলা কাজী আনিসুর রহমানকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গতকাল দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন পলাতক রয়েছেন।
গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর এই প্রথম গ্রেপ্তারের আগেই যুবলীগের কাউকে বহিষ্কার করা হলো। এর আগে গ্রেপ্তারের পর বহিষ্কৃত হয়েছেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট ও এনামুল হক ওরফে আরমান। তাঁরা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা।
