প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম সিলেটের বিশেষ প্রতিনিধি ফয়জুর রহমান :: বেশ কিছুদিন যাবৎ দেশে পাসপোর্ট বইয়ের তীব্র সংকট বিরাজ করছে। এ সংকট শুধু দেশের অভ্যন্তরেই নয়, বহির্বিশ্বে বাংলাদেশ মিশনসমূহে একই অবস্থা বিরাজমান।
নতুন পাসপোর্টের জন্য সরকারি প্রয়োজনীয় ফি প্রদানসহ যাবতীয় ফরমালিটি সম্পন্নের পর মাসের পর মাস অপেক্ষা করেও পাসপোর্ট পাওয়া যায় না। আর এর মূল কারণ হচ্ছে চাহিদার তুলনায় পাসপোর্ট বইয়ের সরবরাহ নিতান্তই অপ্রতুল। সহজ কথায়, পাসপোর্ট বইয়ের তীব্র সংকট বিরাজ করছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে শুধুমাত্র সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের অধীনেই প্রায় ২৪ হাজার আবেদনকারী পাসপোর্ট প্রাপ্তির জন্য প্রতীক্ষার প্রহর গুণছেন। এদের সকলেরই পাসপোর্ট প্রাপ্তির নির্ধারিত তারিখ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৪/৫ মাস আগের
আবেদনকারীও রয়েছেন অসংখ্য, অগণিত।
অনুসন্ধানে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার কোনাগ্রামের ২ ব্যক্তি চিকিৎসার্থে ভারত যাবার লক্ষ্যে নতুন পাসপোর্ট লাভের জন্য যথারীতি আবেদন করেন ৫ মাস পূর্বে। পাসপোর্ট প্রাপ্তির নির্ধারিত তারিখ উত্তীর্ণ হওয়ার দীর্ঘদিন পরেও পাসপোর্ট না পেয়ে তাঁরা নিরাশ হয়ে পড়েন। অবশেষে অনেক ধরাধরি ও কাঠখড় পুড়ানোর পর মাত্র ৫ দিন আগে তাঁরা পাসপোর্ট লাভ করেছেন।
পাসপোর্টের জন্য এহেন ভোগান্তির শিকার মানুষের সংখ্যা শুধু সিলেটেই হাজার হাজার। আর সমগ্র দেশের পরিসংখ্যান নেয়া হলে এ সংখ্যা হবে কয়েক লাখ।
নতুন পাসপোর্ট লাভের এহেন ভোগান্তির অবসান হবে কবে, তা’ কেউ জানে না?
