একজন মানুষ বুকিং দিলাম – রোদেলা নীলা


আমি না হয় একজন মানুষ বুকিং দিলাম ;
পয়সা হলে কতো কী বুকিং দেয় লোকে ,
পনের’শ বর্গমিটারের ফ্ল্যাট ,
তিন বিঘা জমি ,
চকচকে লেমোজিন গাড়ি
আমি না হয় বিনে পয়সায় একজন মানুষ বুকিং দিলাম ।

মানুষ পাওয়া এ জন্মে হয়নি কোন দিন ;
দূর থেকে শুধু শুনে গেছি –
মানুষ হতে হলে এই লাগে , সেই লাগে ;
আরো যে কতো গুণ লাগে !
এই সব গুলো গুণ এক মুঠো করে মানুষ
পাওয়া হয় নাকি !

মানুষ হলে তার অহংকার থাকবে ,
জেদ থাকবে ,রাগ থাকবে
মাঝে মাঝে সে চিৎকার করবে ,
মন ভালো হলে চুলের সিঁথিতে হাত বুলোবে ;
কপোল ছুঁয়ে চুমু খাবে ,
যখন ইচ্ছে সময় পেলেই ঘুরতে নিয়ে যাবে ।

আমি না হয় কল্পতরুর ছায়ার তলে
একজন মানুষ বুকিং দিলাম ;
সে আমায় মিথ্যে বলবে না ,
সে আমার সাথে অভিনয় করবে না ,
তার সেল ফোন সারাক্ষণ টুংটাং বেজে উঠবে না ,
দিনে রাত্রি চব্বিশ ঘন্টা কাজের বাইরে সময়গুলো
কেবল থাকবে আমার দখলে ।।

আমি না হয় চাওয়ার আদর মাখিয়ে রেখে
একজন মানুষ বুকিং দিলাম ।।

১লা মার্চ ২০২০
রাত ১১টা ৩০ মিনিট

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *