উদ্বেগ নিয়ে কাটে মানুষের রাত দিন
দয়া করে আন কথা কান কথা বাদ দিন।
চারদিকে শ্বাস ফেলে করোনার দৈত্য
কেন ভাই ঝাড়ছেন গাঁজাখুরি তথ্য?

আপনি কি বিজ্ঞানী নাকি কোনো বৈদ্য,
মেডিক্যাল পাশ করে বেরুলেন সদ্য?
তাই নন? তবে কেন বকবক করছেন,
আজগুবি কথা লিখে ফেসবুক ভরছেন?
আপনার বেসামাল কথাতেই শেষটায়,
ভয়াবহ দুর্যোগ যদি নামে দেশটায়।
আপনি কি দুর্দিনে তবে হাল ধরবেন?
তবে কেন মনগড়া বকবক করবেন?
প্রাণ নিয়ে মানুষের ছোটাছুটি রাতদিন,
দয়া করে আন কথা কান কথা বাদ দিন।
২৫/০৩/২০
ম্যানচেস্টার
ইউকে
