রাস্তা খালি – ময়নূর রহমান বাবুল


ব্যস্ত রাস্তায় এখন আর জ্যাম ধরেনা, জট লাগেনা

ছোটবড় রাস্তাগুলো জনমানবশুন্য, বাহনহীন

রাস্তা এখন মলাটহীন বই, পালকহীন পাখি আর

আবরণহীন মূর্তির উদোম বুকের মতো…

 

ব্যস্ততম রাস্তা এখন আর কেউ এড়িয়ে চলেনা

রাস্তায় এখন পুলিশের গাড়ির সাইরেন বাজেনা

এম্বুলেন্স এর পে পু শব্দ হয়না, নীল বাতি জ্বলেনা

কোন শব্দ করেনা ফায়ার বিগ্রেডের লাল গাড়ি

নিরবেই চলেযায় দ্রুত সবাই, দ্রুততম বেগে

রাস্তা পারাপারে এখন আর কোন ভয় নাই

পথচারিকে এখন আর দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়না

রাস্তা এখন খালি, সব রাস্তা ফাঁকা, রাস্তায় নিস্তব্ধতা।

রাস্তায় বাস চলে না, ট্রাক চলে না, ভ্যান চলেনা

খালি রাস্তা, ফাকা রাস্তা, সুনশান নিরব রাস্তা

পুলিশ, এম্বুলেন্স ফায়ারের গাড়ি, জরুরী সার্ভিসগুলো

চোখের পলকে এখন চলে যায় দ্রুত

রাস্তা এখন খালি, রাস্তায় ঘুঘু চরে, কবুতর উড়ে…

রাস্তায় ধূয়া নাই কার্বন নাই, দূর্ঘটনাও নাই

হর্ণ নাই, দ্রুত আগে যাবার প্রতিযোগীতাও নাই

রাস্তায় মিছিল নাই, জমায়েত নাই, অবরোধ নাই

রাস্তা এখন দাবী আদায়ের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়না …

রাস্তা দিয়ে দ্রুত চলেযায় জলপাইরঙ, ডোরাকাটা..

পুলিশ এম্বুলেন্স মৃতবাহী গাড়ি, জরুরী সার্ভিস..

রাস্তা খালি, রাস্তা খালি, রাস্তায় কেউ নাই

মানুষ ভীত, সন্ত্রস্ত, মানুষ ঘরের ভেতর

রাস্তা খালি, রাস্তা ফাঁকা, কেবল করোনা ভাইরাস ছাড়া…

৩০ মার্চ ২০২০

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *