ভেণ্টিলেটার – নূরুজ্জামান মনি


ভেণ্টিলেটার কত্তো প্রকার
বলতে পারেন কি কি,
আমার দেশের মন্ত্রী মশাই
জানেন খবর ঠিকই।

কল এসেছে টেলিফোনে
মন্ত্রীবাবুর কাছে,
মার্কিনি এক মন্ত্রী শুধান,
ভেণ্টিলেটার আছে?

আহাম্মকের বাদশাহ বুঝি
মন্ত্রী তাকে ভাবেন,
হ্যাঁ হ্যাঁ অনেক ভেণ্টিলেটার
আমার দেশে পাবেন।

স্বাস্থ্যবিধি মেনেই আমরা
দালান-কোঠা বানাই,
একেক ঘরে অনেকগুলো
ভেণ্টিলেটার টানাই।

খবর শুনে মার্কিনিটা
বললো বটে, তাই?
দিন না কিছু, আমার অনেক
ভেণ্টিলেটার চাই।

আজই অর্ডার পাঠিয়ে দেবো
জলদি করে দেবেন,
হিসাব কিতাব করেই বলুন
মূল্য কত নেবেন।

মিস্ত্রি ডেকে মন্ত্রীমশাই
হুকুম করেন, বানাও,
সিমেন্ট বালু লাগবে কত
হিসেব করে জানাও।

মার্কিনিরা আমার কাছে
ভেণ্টিলেটার মাগে,
ডিমান্ড তাদের কত পিসের
জানতে হবে আগে।

ডিমান্ড এলো এলো ছবি
মন্ত্রী বলেন, দেখি,
ডাক্তারি সব নল প্যাঁচানো
হাঁক দিয়ে কন, এ কি!

এ কোন জাতের ভেণ্টিলেটার?
ছিদ্র ফুটোহীন,
চিন্তা করে মিস্ত্রিদেরও
কাটলো দু’টো দিন।

রিং বাজছে রিং বাজছে
মন্ত্রী ভাবেন বাজুক,
আমও যাবে ছালাও যাবে
পরিস্থিতি নাজুক।

১৬/০৪/২০
ম্যানচেস্টার
ইউকে

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *