জানাজা শেষে নিকুঞ্জ-১ এর কবরস্থানে তাকে দাফন করা হবে। রাতে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমাগারে রাখা হবে। সকালে মরদেহ নিকুঞ্জের নিজ বাসভবনে আনা হবে।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান। ছেলে শাহজেব এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ছেলে শাহজেব জানান, তার বাবা ‘ক্রিটিক্যাল’ অবস্থায় হাসপাতালে আছেন।

এর আগে ড. সা’দত হুসাইনের অসুস্থতার কথা জানতে পেরে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আরোগ্য কামনা করছেন। তার সাবেক সহকর্মী ও জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত ট্যাক্স কমিশনার কাজি এমদাদ ফেসবুকে লিখেছেন, ‘প্রাক্তন কেবিনেট সেক্রেটারি ও পিএসসি’র সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ ও রাষ্ট্রচিন্তাবিদ, লেখক ও গবেষক ড. সা’দত হোসাইন গুরুতর অসুস্থ হয়ে ইউনাইটেড হসপিটালে লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে। এনবিআরের চেয়ারম্যান থাকাকালীন আমি দ্বিতীয় সচিব হিসেবে তাঁর সাথে কাজ করেছি। মহান আল্লাহ পাক এই গুণীকে দ্রুত সুস্থ করে দিন। আমীন।’
সা’দত হুসাইন ২০০২-০৫ সালে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্ন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সা’দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্ম গ্রহণ করেন। তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন।
পাকিস্তান আমলে ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন সা’দত। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে প্রবাসী সরকারে যেভাবে দায়িত্ব পালন করেন, তা তিনি লিখে গেছেন ‘মুক্তিযুদ্ধের দিন-দিনান্ত’ বইয়ে।
২০০৫ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার আগে তিনি কর্মজীবনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ নানা দায়িত্ব পালন করেন।
ড. সা’দত হুসাইনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুম সা’দত হুসাইনের বিদেহী আত্মার পরলৌকিক শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “ড. সা’দত হুসাইন ছিলেন দেশের একজন প্রাজ্ঞ ও দক্ষ আমলা। কর্মজীবনে তার কর্তব্যনিষ্ঠা ও সুনাম জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
ড. সা’দত হুসাইন এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি একজন রোল মডেল আমলা হিসাবে ড. সা’দত হুসাইন এর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
ড. সা’দত হুসাইন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি একজন বিশিষ্ট আমলা হিসাবে ড. সা’দত হুসাইন এর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
সা’দত হুসাইন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি
বিডিপ্রেস/জিসাদ ইকবাল/ জেড আই
