প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: করোনাভাইরাস প্যানডেমিকের কারণে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। তবে খরচ দিয়েই তাদের ফিরতে হবে।
ওয়াশিংটনে বাংলাদেশে দূতাবাসের প্রেস মিনিস্টার শামিম আহমেদ বিবিসিকে জানিয়েছেন, সেখানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে উদগ্রীব তাদের জন্য সরকার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ভাড়া নেওয়ার ব্যবস্থা করেছে। ফ্লাইটটি ১৪ বা ১৫ই মে রওয়ানা হবে।
ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের ৮ই মের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে।
অন্যদিকে ব্রিটেনে আটকে পাড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিতে একই ব্যবস্থা করা হয়েছে।
ব্রিটেনের কাছ কেনা একটি সামরিক বিমানের ডেলিভারি বাংলাদেশ বিমান বাহিনীর একটি দলের আসার কথা এই মাসের ১০ তারিখে। সেই সূত্রে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটে চলাচলকারী একটি বিমান ভাড়া করে ব্রিটেনে আটকে পড়া ২০০ থেকে ২৫০জন বাংলাদেশিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে।
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী জানিয়েছেন, ফিরতে ইচ্ছুকদের সিংহভাগই ছাত্র। ফ্লাইটটি ১০ই মে লন্ডন ছাড়বে।
দুই ক্ষেত্রেই যাত্রীদেরই খরচ বহন করতে হবে।
নিউইয়র্ক থেকে ফ্লাইটে খরচ পড়বে জনপ্রতি ২২০০ ডলারের মত। জানা গেছে, লন্ডন থেকে ফ্লাইটে জনপ্রতি ৭০০ পাউন্ডের মত লাগতে পারে।
আমেরিকায় আটকে পাড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাতার এয়ারওয়েজের একটি বিমান ভাড়া করেছে সরকার
