সিলেটে চিকিৎসার দাবিতে ‘কফিন মিছিল’


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক ::  করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোতে করোনারোগী তো দূরের কথা- সাধারণ রোগে আক্রান্তদেরও চিকিৎসা না দেওয়ার অভিযোগ উঠেছে।

এমনকি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একাধিকবার সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু তাতেও কাজ হয়নি।

সাম্প্রতিক সময়ে সিলেটে চিকিৎসা না পেয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমনকি শুক্রবারও কয়েকটি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়েই মারা গেছেন এক ব্যবসায়ী। এমন অবস্থায় জনগণের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে সিলেটে প্রতীকী কফিন হয়েছে। কয়েক সামাজিক সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে এই মিছিলের আয়োজন করা হয়।

জানা যায়, হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর প্রতিবাদ এবং মানুষের চিকিৎসা নিশ্চিতের দাবিতে আয়োজিত প্রতিবাদী কফিন মিছিলটি দরগাহ এলাকা থেকে শুরু হয়ে নগরীর চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে পাবলিক বয়েজ নামক সংগঠনের সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেন, চিকিৎসা পাওয়া নাগরিক অধিকার হলেও করোনাকালে সিলেটে সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘুরেও চিকিৎসা পাচ্ছে না রোগীরা। এমনকি রোগী গেলে হাসপাতালের গেট পর্যন্ত খোলা হয়নি। সে কারণে আমরা সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই প্রতিকী কফিন মিছিলের আয়োজন করেছি।

এখন থেকে সতর্ক থাকবেন জানিয়ে তিনি বলেন, নগরীতে যে হাসপাতাল রোগী ভর্তি করবে না, কিংবা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করবে, সেখানে গিয়ে তারা অবস্থান নেবেন।

মিছিল-সমাবেশে বেশ কিছু সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *