মাত্র তিনটি শব্দের ঘেরাটোপে লুকিয়ে আছে কতো পাওয়া আর না পাওয়ার উচ্ছ্বাস আর বেদনার গল্প । সময় মানুষকে যেমন দু’হাত ভরে দিয়ে যায় তেমন করে আবার সাগরের তীব্র ভাটার মতো টেনে নিয়ে যায় তার সব কিছু ।
কাছের মানুষটিকে দেবার জন্য এর চাইতে বড় উপহার আর কিছুর মধ্যে নেই । আপনি সারা বিশ্ব ঘুরে ঘুরে দামী উপহার যার জন্য নিয়ে আসেন সে মানুষটিকে যদি পর্যাপ্ত সময় না দিতে পারেন তাহলে মুহুর্তেই সম্পর্কে ফাঁটল ধরে ; যা কোন মলম দিয়েই নিরাময় সম্ভব নয় ।
কেও আছেন কাজের সূত্রে বাইরে থাকেন আবার কেও কেও সম্পর্কের বাইরে গিয়ে আলাদা একটা/দু’ টা সম্পর্ক করেন, দু’দিক থেকেই ক্ষতিগ্রস্থ হয় দু’টো মানুষ । আপনি ব্যবসার কাজে বাইরে যেতেই পারেন, পড়তে পারেন ভীন দেশে কিন্তু নিজ ভূমিতে রেখে যাওয়া প্রিয় মানুষটির সাথে কিছু সময় পর পর যোগাযোগ রাখাই যায় । এখন হোয়াটস এপ, ভাইবার বলেন আর ইমো, এপসের কোন অভাব নেই ।
আপনার ইচ্ছেশক্তিই আসল ;আর আপনার আগ্রহই বাড়িয়ে তুলবে সংগির আগ্রহ । এটা প্লেটোনিক যুগ নয় যে আপনি দিনের পর দিন বায়বীয় মানুষ হয়ে থাকবেন আর আপনার সঙ্গী অপেক্ষা করে বসে থাকবে ।
জীবন এক চলমান পক্রিয়া ; এটা কারো জন্য থামিয়ে রাখার বিষয় নয় । থেমে যাওয়া মানেই সেখানেই মানবীয় পরাজয় । জন্ম যখন নিয়েছি তখন মৃত্যূ অবধারিত ; কিন্তু মাঝের এই পথটিকে যৌক্তিক সুন্দর পরিচ্ছন্ন রাখাই আমাদের দায়িত্ব ।
আপনি নিজে যদি সঙ্গীকে আড়াল করে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন , সেটা কিন্তু প্রথম টের পাবে আপনার কাছের মানুষটিই । সে প্রতিবাদ করছে না বলে এটা ধরে নেবার কোন কারন নেই যে – সে বোকা । সে হয়তো আপনার ফিরে আসার অপেক্ষায় আছে ; নয়তো এতোটাই আপনাতে অভ্যস্থ হয়ে গেছে যে ছেড়েও যেতে পারছে না ।
এই ধরণের মানুষকে লুকিয়ে বাইরে সম্পর্ক করতে গিয়ে আপনি নিজেই অসুখী হয়ে পড়ছেন । অফিস থেকে ফেরার পথে চ্যাটবক্স, ডিলিট করা, কলার লিস্ট মুছে ফেলা, বাড়ি ফিরতে দেরি হবার কারন দেখিয়ে মিথ্যে বলতে বলতে এক সময় আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন নিজের কাছে ।
ঘুমানোর সময় যেমন অযাচিত ফোন এলো কীনা সেই নিয়ে চিন্তা, ঘুম থেকে চোখ মেলেও সেই একই চিন্তা । মনের মধ্যে এতো চোর চোর ভাব নিয়ে নিজেকে কী কেও ভালো রাখতে পারে ? ইচ্ছে করলেই প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরা যায় না, তার চোখে চোখ রেখে কথা বলা যায় না । সারাক্ষণ উন্মুক্ত মঞ্চের দক্ষ অভিনেতা অভিনেত্রি হয়ে থাকতে হয় ।
তাই সকল ভনিতা পরিহার করে দু’জন মানুষ একটি সুস্থ সম্পর্ক বজায় রাখার প্রেক্ষিতে নিজেদের সময় উপহার দিন, দেখবেন জীবনটা আগের চাইতে কতোটা সহজ, কতোটা সাবলীল হয়ে গেছে । জীবন একটাই, ভালো বাছতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না যেন, ভালোর কিন্তু শেষ নেই ।।
গল্পকার ও নাগরিক সাংবাদিক
