আজ কবি সুফিয়ানের জন্মদিন – কামকামুর রুনু


আজ আমাদের প্রিয় বন্ধু দেশ-বিদেশে সুপরিচিত কবি ও ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর ষাটতম জন্মদিন।

সুফিয়ান সর্বদা নম্র-ভদ্র, সদালাপি ও মিষ্টভাষী একজন মানুষ।সিলেটের ঐতিহ্যবাহী এম.সি. কলেজে ১৯৭৭ সাল থেকে আমরা এক সঙ্গে পড়ছিলাম। দুজনই সংগঠক। কিন্তু ক্ষেত্র ভিন্ন। আমি তখন জাসদ সমর্থিত ছাত্রলীগের একজন সংগঠক আর সুফিয়ান সাহিত্য জগতের সংগঠক।

স্কুল জীবন থেকেই সুফিয়ান ছড়া কবিতা লিখে আসছিল। আর আমি স্কুল জীবনে তৎকালীন জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রার পাঠকের পাতা, কুরুক্ষেত্র আর ব্যাক্তিগত বিজ্ঞাপন নিয়ে টুকটাক লেখালেখি করে আসছিলাম।

কলেজে একে অন্যের ঘনিষ্ট হয়ে উঠতেই সুফিয়ানের আহবানে তার ধোপাদীঘির পাড়ের বাসায় যাওয়া শুরু।সেখানে সাহিত্য আসরগুলোতে সহপাঠিদের অনেকেই যেতাম। পরিচয় হতো অনেক প্রতিভাবান লেখকদের সঙ্গে। এরমধ্যে দুজন সহপাঠি যারা নিয়মিত আমার সাথে যেতো তাদের সঙ্গে চল্লিশ বছরেও আর দেখা হয়নি।

ফেসবুকেও পাইনি তাদের। এদের একজনের নাম মাসুদ হাসানুল হক আরেকজন ছিল রবি। মাসুদ নাটোরের আর রবি ঢাকার। যাক খুব সম্ভবত ১৯৮০-৮৫ সালের সাহিত্য আসর গুলোতে আড্ডা দিয়েছি সবচেয়ে বেশি।আমাকে সাহিত্য অঙ্গনে যুক্ত করার জন্য বন্ধু সুফিয়ান সব সময়েই সচেষ্ট ছিলো।

১৯৮৩ সালে বর্তমান এম.সি. কলেজ ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে ‘লাল সূর্য’ নামে আমার সম্পাদনায় একটি সংকলন বের হয়। সহকর্মী সৈয়দ ফরহাদ আব্বাস ও আখতার হোসেন এর সহযোগিতায় বের করা সংকলনে আমার কবিতাটি পড়ে আমাকে দারুনভাবে অনুপ্রানীত করে সুফিয়ান।

সুফিয়ান সব সময়ই চাইতো আমি যেনো লেখালেখিতে থাকি।তাইতো আমি যখন অধুনালুপ্ত জাতীয় দৈনিক আজকের কাগজ এর সিলেট ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করি তখন যারপর নাই খুশি হয় সে। ১৯৯৭ সালের দিকে যখন আমি সিলেট নগরীর ‘রাজা ম্যানশন’ এ ‘আজকের কাগজ’ অফিসে বসতাম, সুফিয়ান তখন রাজা ম্যানশন ছাড়াও জিন্দাবাজার পয়েন্টের প্রীতিরাজ রেষ্টুরেন্টে উঠতি সাহিত্যিকদের নিয়ে নিয়মিত আড্ডার আসর জমাতো। সেই আড্ডায় আমিও যেতাম। তবে দু’একদিন না গেলেই অফিসে এসে দাওয়াত দিয়ে যেতো।

এরপর সে আমেরিকায় আসা যাওয়া শুরু করেছিলো। প্রীতিরাজের মতো সেখানকার জেকসন হাইটের একটি রেষ্টুরেন্টে চায়ের কাপে ঝড় তোলার ছবি মাঝে মধ্যে পোস্ট করতো সে।কিন্তু সম্প্রতি লকডাউনের কারনে সেখানে যেতে না পেরে অস্বস্থিতে ভোগতে হয়েছে তাঁকে।

সুফিয়ানকে নিয়ে লিখতে চাইলে আরো অনেক কথাই লেখা যাবে।তাঁর লেখালেখির ভান্ডার খুবই সমৃদ্ধ এটা সকলেরই জানা।তাই আমি আর সেদিকে যাচ্ছি না।

কয়েক বছর আগে দেশে এসে তাঁর সংগঠন স্বদেশ ফোরামের একটি অনুষ্ঠানে অতিথি করেছিল। আর এর পরেরবার আদালত পাড়ায় দু’বন্ধুর দেখা।সেই সঙ্গে ছবি তোলা।

গতকাল ফেসবুকে তাঁর দেয়া স্টেটাস থেকে জানলাম সে অসুস্থ। তবে জন্মদিনের আনন্দে ধীরে-ধীরে সুস্থ হওয়ার পথে জেনে ভাল লাগছে।আজ তোমার জন্মদিনে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি প্রিয় বন্ধু। স্বদেশের স্মৃতি নিয়ে ভাল থাকো, সুস্থ থাকো।
———————————–
ক্যাপশন:গেল বছর সুফিয়ানের ৫৯ তম জন্মদিনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আমাদেরই সহপাঠি মুহিবুর রহমান মানিক এমপি।

Image may contain: flower and plantImage may contain: 1 person
Image may contain: one or more people and people standing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *