ছাতকে অগ্নিকান্ডে ৩টি বসতঘর ভস্মিভূত


প্রবাস বার্তা নিউজডেস্কঃ ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মালামালসহ ৩টি বসতঘর ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের উজিরপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৩টি পরিবারের অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার রাতে উজিরপুর গ্রামের মৃত. মাওলানা গোলাম রাব্বানীর পুত্র ফজলুল হকের বসত ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তার অপর দু’ভাই মুমিনুল ইসলাম ও মাওলানা রেজাউল করিমের বসতঘরেও আগুন ছড়িয়ে পরে। এসময় ঘরে থাকা ঘুমন্ত লোকজন ঘর থেকে দ্রুত বেরিয়ে এসে নিরাপদ দূরত্বে আশ্রয় নেন। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ঘরের মালামালসহ ৩টি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, আগুনে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, ধান-চাল, কাপড়-চোপড়, জরুরী কাগজপত্র, আসবাবপত্র, মোবাইল ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এ ব্যাপারে ছাতক ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *