জানতে চাইলে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম আদেশে সই করার কথা স্বীকার করলেও এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে বিএসইসি সূত্রে জানা গেছে, যে ৯টি কোম্পানির ১৭ পরিচালককে অপসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (বিজিআইসি), ইস্টার্ন ইনস্যুরেন্স, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, ইনটেক লিমিটেড, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স ও ইউনাইটেড এয়ারওয়েজ।
এ অবস্থায় গত মে মাসে শিবলী রুবাইয়াত উল ইসলামের নেতৃত্বে বিএসইসি পুনর্গঠনের পর নতুন করে আইনটি পরিপালনের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের ৪৫ দিনের আলটিমেটাম দিয়ে গত ২ জুলাই ২২ কোম্পানির ৬১ পরিচালককে চিঠি দেয় বিএসইসি। বেঁধে দেওয়া সেই ৪৫ দিনের সময়সীমা সম্প্রতি শেষ হয়েছে। এরপরই আইন পরিপালনে ব্যর্থ পরিচালকদের অপসারণের সিদ্ধান্ত নেয় বিএসইসি।
