প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ ভারতীতের পরিকল্পনায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আবরার হত্যাকাণ্ড একটা হঠাৎ ঘটে যাওয়া হত্যাকাণ্ড নয়। এটা দীর্ঘদিনের ভারতীয় পরিকল্পনার অংশ। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশে এ ধরনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘দেশজুড়ে নৃশংস-বর্বর হত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং গণতন্ত্র পুণরুদ্ধার’ দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি এখানে উপস্থিত হয়েছি বিএনপিকে একটা ধন্যবাদ জানানোর জন্য। তারা সম্প্রতি রাস্তায় নেমে এসেছে।’
তিনি বলেন, ‘শুধু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নয়, বিএনপিকে পরিষ্কারভাবে ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে হবে। বাংলাদেশের ৯৯ ভাগ লোক ভারতের এই জাতীয় কার্যকলাপকে ঘৃণা করে।
তাদের চক্রান্তকে ঘৃণা করে।’ তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য না দিলে জনগণ রাস্তায় বিএনপির পাশে দাঁড়াবে না। জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত আছে। বিএনপিকেও প্রস্তুত হতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও পেশাজীবী নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস, শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ, কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
তথ্যসূত্রঃ দৈনিক ইনকিলাব
