প্রবাসবার্তা ২৪ ডটকম সিলেট প্রতিনিধি: এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ। ২০১৮ সালে পাসের হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। গত বছরের তুলনায় এবার বেড়েছ পাসের হার; সেই সঙ্গে বেড়েছে জিপিএ ৫ ।
প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। এবছর পেয়েছেন ১০৯৪ জন। গত বছর এ সংখ্যা ছিল ৮৭৩ জন। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবির আহমদ এ তথ্য নিশ্চত করেন ৷
এবছর সিলেট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬ হাজার ২৫১ জন। এর মধ্যে ছেলে ৩৪ হাজার ৬৪৯ জন এবং মেয়ে ৪১ হাজার ৬০২ জন।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৫১ হাজার ১২৪ জন। এদের মধ্যে ছেলে ২২ হাজার ৪৯০ জন এবং মেয়ে ২৮ হাজার ৬৩৪ জন।
এবছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন।
শতভাগ জিপিএ-৫ সিলেট ক্যাডেট কলেজে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) এবারও সাফল্য ধরে রেখেছে ‘আলোকের অভিসারী’খ্যাত সিলেট ক্যাডেট কলেজ। কলেজটির ৫১ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। এরা সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র।
ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শরীফ মো. আমান হাসান, এসপিপি, পিএসসি শিক্ষা কার্যক্রমে ক্যাডেটরা আকর্ষণীয় সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, “সিলেট ক্যাডেট কলেজের এই সাফল্য আগামী প্রজন্মকে শিক্ষা অনুরাগী হতে আরো অনুপ্রাণিত করবে। ক্যাডেটরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সৃজনশীল দেশপ্রেমিক মানব সম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরো বেশি অবদান রাখবে”।
আগামীতে সাফল্যের এই ধারা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বুধবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে সিলেটে পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ। যা গতবার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে ৪.৯৪ শতাংশ।
সিলেটে পাসের হারের মতো বেড়েছে জিপিএ-৫ও। গতবারের চেয়ে সিলেট শিক্ষা বোর্ডে এবার ২২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে। এবারের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা হলো ১০৯৪ , যা গতবার ছিল ৮৭৩ জন।
এবার এইচএসসি পরীক্ষায় সিলেটে শতভাগ পাশ ৭ প্রতিষ্ঠান
সিলেটে এবার এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭টি। অন্যদিকে শুন্যভাগ পাস করা প্রতিষ্ঠান একটিও নেই।
সিলেট শিক্ষা বোর্ড থেকে পাওয়া ফলাফল পরিসংখ্যান থেকে এমন তথ্য পাওয়া গেছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০১৪ সাল থেকে ২০১৯ সাল, এই ছয় বছরের মধ্যে ২০১৮ সালে শুধুমাত্র ২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেনি।
এদিকে, গত ৫ বছরের মধ্যে ২০১৪ সালে ১০টি, ২০১৫ সালে ১৩টি, ২০১৬ সালে ৫টি, ২০১৭ সালে ৮টি এবং ২০১৮ সালে ১০টি প্রতিষ্ঠানে পাসের হার ছিল শতভাগ।
