মিশিগানে মাস্ক-পিপিই তৈরি করবে বেক্সিমকো


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক : : মিশিগানের ডেট্রয়েট শহরে মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তৈরির প্ল্যান্ট করার পরিকল্পনা করছে বাংলাদেশের বেক্সিমকো গ্রুপ। ব্লুমবার্গের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইতিমধ্যে শিকাগোভিত্তিক জেস্ট ডিজাইনসের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে বেক্সিমকো। ডেট্রয়েটে স্থানীয় সরকার ও নগর কর্তৃপক্ষের সহায়তায় যৌথভাবে একটি পিপিই উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে উভয় প্রতিষ্ঠান।

বেক্সিমকোর টেক্সটাইল ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও গ্রুপের পরিচালক সৈয়দ নাভিদ হোসেন বলেন, মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তৈরির জন্য ডেট্রয়েটের প্ল্যান্টে তাঁদের কোম্পানি ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

আগামী নয় মাসের এই প্ল্যান্ট প্রস্তুত হয়ে যাবে। বাংলাদেশেও পিপিই ইন্ডাস্ট্র্রিয়াল পার্ক তৈরি করা হচ্ছে। সেখানে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।

এর আগে বেক্সিমকোর তৈরি করা ৬৫ লাখ পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা সুরক্ষা পোশাক আমেরিকায় রপ্তানি হয়েছে।

২৫ মে এমিরেটসের একটি উড়োজাহাজে চেপে সেই পিপিই গাউনের প্রথম চালান দেশটির উদ্দেশ্যে রওনা হয়। আমেরিকার ফেডারেল ইমারজেন্সি এজেন্সির (এফইএমএ) জন্য দেশটির পোশাকের ব্র্যান্ড হেইনস বাংলাদেশের বেক্সিমকোর কাছ থেকে ৬৫ লাখ পিপিই গাউন কিনেছে।

১৯০১ সালে প্রতিষ্ঠিত হ্যানস প্রায় ৪০টি দেশে ব্যবসা করে। তাদের কর্মীর সংখ্যা ৬৫ হাজার ৩০০।

এদিকে মিশিগানে গত কয়েকদিন করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু ও আক্রান্ত কিছুটা কম থাকলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। মিশিগান স্টেট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এখানে মৃত্যু হয়েছে ৬৮ জনের, তবে এর মধ্যে পুরোনো ১৪ জন তালিকাভুক্ত হয়েছে।

আগের দিন অর্থাৎ ২৬ মে মৃত্যু হয়েছে ২৬ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৫০৪ জন, আগের দিন ২৬ মে আক্রান্ত হয় ২২৩ জন। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৩৪ জনের, আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৬০৮ জন। আর সুস্থ হয়েছে মোট ৩৩ হাজার ১৬৮ জন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *