সিলেট চেম্বারের নির্বাচনের চুড়ান্ত প্রস্তুতি সম্পর্কে সংবাদ সম্মেলন, নির্বাচন ২১ সেপ্টেম্বর প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান, ভোটার ২৪৬৫, প্রার্থী ৪১


প্রবাসবার্তা২৪.কম,মনোয়ার জাহান চৌধুরী সিলেটঃ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০১৯-২০২১ সাল মেয়াদের দ্বি- বার্ষিক নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বোর্ড এক সংবাদ সম্মেলন করেছে। চেম্বার কনফারেন্স হলে বুধবার দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, সিলেটের ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন সিলেট চেম্বার অব   কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন নগরীর ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওইদিনই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২ হাজার ৪৬৫ জন। যার মধ্যে অর্ডিনারী ১৪১৩ জন, এসোসিয়েট ১০৪০ জন, ট্রেড গ্রুপ ১ জন ও টাউন এসোসিয়েশন ১ জন। এবছর পরিচালনা পরিষদের ২২টি পদে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন, যার মধ্যে অর্ডিনারী শ্রেণী থেকে ২৪ জন, এসোসিয়েট শ্রেণী থেকে ১০ জন এবং ট্রেড গ্রুপ শ্রেণী থেকে ৬ জন প্রার্থী রয়েছেন। টাউন এসোসিয়েশন শ্রেণীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই শ্রেণীর একমাত্র প্রার্থী শমশের জামালকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, নির্বাচন উপলক্ষে আমরা ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। ভোটারদের অবগতির জন্য তিনি বলেন, অর্ডিনারী শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ১২টি ভোট, এসোসিয়েট শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ৬টি ভোট এবং ট্রেড গ্রুপ শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ৩টি ভোট অবশ্যই প্রদান করতে হবে। নির্ধারিত সংখ্যার চাইতে ভোট বেশি বা কম হলে ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে। তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান।

এ সময় সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উপস্থিত ছিলেন, আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম, নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, অ্যাডভোকেট

মোঃ জুনেল আহমদ, আপীল বোর্ডের সদস্য অ্যাডভোকেট মোঃ রাজ উদ্দিন ও হারুন আল রশিদ দীপু।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *