প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভোর রাত ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় তার বয়স হয়েছিল ৪৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শফিউল বারী শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা নিয়ে গত কয়েকদিন ধরে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার (২৭ জুলাই) রাতে তার অবস্থার অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। তার মৃত্যুতে বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে শফিউল বারী বাবুর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিএনপির আরেকজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারাল। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে শফিউল বারী বাবু বিএনপির পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
সব ধরনের গণতান্ত্রিক আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার মতো একজন সক্রিয় নেতাকে হারিয়ে আমরা শোকাহত। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’এছাড়া, যুবদল, ছাত্রদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর প্রথম জানাজা আজ সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বাদ আছর লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
