আবরার হত্যার বিচার চায় জাতিসংঘ


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা ‍বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চায় জাতিসংঘ। বুধবার (৯ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে ডিক্যাব টকে এ মন্তব্য করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।

মিয়া সেপ্পো বলেন, এ ঘটনা ভাবা তো একটি আতঙ্কজনক দুঃস্বপ্ন। বিশ্ববিদ্যালয়ে পড়া দুই সন্তানের মা হিসেবে এটা ভাবা আমার কাছে আতঙ্কের।

সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থী যাতে নিরাপদে থাকতে পারে, সে ব্যাপারে জনগণের মাঝে আস্থা থাকতে হবে। প্রকাশ্য স্থানে জনগণ বিশেষ করে কিশোরী, নারী, তরুণ, পুরুষসহ সবাই যাতে নিরাপদে থাকতে পারে, তা নিশ্চিত থাকতে হবে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছেন। এ বিবৃতি উৎসাহব্যঞ্জক। জাতিসংঘের পক্ষ থেকেও এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তর থেকে বুধবার দুপুরে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, অবাধ মতপ্রকাশের অভিযোগে বুয়েটের এক তরুণ শিক্ষার্থী হত্যার ঘটনায় জাতিসংঘ নিন্দা জানাচ্ছে।

বছরের পর বছর ধরে অভিযুক্তদের বিচার না করায় বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে সহিংসতায় অনেকেই প্রাণ দিয়েছেন। জাতিসংঘের বাংলাদেশ দপ্তর লক্ষ করছে অভিযুক্তদের ধরার ব্যাপারে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। এর ফলে স্বাধীন তদন্তকারীরা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বচ্ছ বিচারের পথে যাবেন, যা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সহায়ক হবে।

মিয়া সেপ্পো বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মানবাধিকার। মতপ্রকাশের স্বাধীনতা চর্চার জন্য কাউকে হয়রানি, নি*র্যা*তন ও হত্যা করা উচিত নয়।

এ হত্যাকাণ্ডে এর আগে বিস্মিত ও মর্মাহত হওয়ার কথা জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাজ্য। অপরদিকে আবরার ফাহাদ হত্যায় শোক জানিয়েছে জার্মানি।

পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ বলেও মনে করেছে দেশটি। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস নিজেদের ফেসবুজ পেজে এক বিবৃতিতে এ তথ্য জানায়।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *