প্রবাস বার্তা ২৪ ডটকম প্রতিনিধি সুনামগঞ্জ থেকে শাহজাহান চৌধুরীঃ
সুনামগঞ্জ শহরের মোহাম্মদপুর আবাসিক এলাকার বাসায় বসে ইয়াবা ট্যবলেট সেবন ও রাখার দায়ে জেলা আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও এক ইয়াবা ব্যবসায়ীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ আটককৃতদের কারাদণ্ড দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ।

দণ্ডপ্রাপ্ত এপিপি অ্যাডভোকেট এনামুল হক ওরফে আমিরুল হক (৩৫) জেলার জগন্নাথপুর উপজেলার মৃত মশ্রব উল্লাহর ছেলে এবং মাদক ব্যবসায়ী মোঃ তাজ আলী (৩০) সুনামগঞ্জ শহরের বড়পাড়ার আহম্মদ আলীর ছেলে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ শাকিল আহমেদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল সহ একদল পুলিশ নিয়ে মোহাম্মদপুর আবাসিক এলাকায় এপিপি এনামের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এনাম ও মাদক ব্যবসায়ী মোঃ তাজ আলীকে ইয়াবা সেবনরত অবস্থায় ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে তিন মাস করে কারাদণ্ড দেন।
