প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যার রেশ কাটতে না কাটতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক পক্ষকে চাপাতি দিয়ে কুপিয়ে ‘ছাত্রদল-শিবির’ বলে চালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটকের পর জেলে পাঠানো হয়েছে।
জানা যায়, ফেসবুকে মেসেজের জের ধরে গত বুধবার বেলা ১২টা ৫০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আতিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও বাহা উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডেকে নিয়ে চাঁদাদাবি ও লাঞ্ছিত করে ফিন্যান্স বিভাগ ১১তম ব্যচের শিক্ষার্থী রিয়াদ ইবনে সাদাফ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী সানবীর মাহমুদ ফয়সাল।
এরপর বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চা খেতে গেলে রিয়াদ ইবনে সাদাফ ১৫-২০ জন নিয়ে আতিকুল, জাহাঙ্গীর ও বাহা’র উপর আবারও হামলা করে।
এ ঘটনায় আতিকুল ইসলাম বাদি হয়ে বুধবার রাতে সুত্রাপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে ফিন্যান্স বিভাগ ১১তম ব্যচের শিক্ষার্থী রিয়াদ ইবনে সাদাফ, কবি নজরুল কলেজের শিক্ষার্থী সানবীর মাহমুদ ফয়সাল, জগন্নাথ বিশবিদ্যালয় সমাজবিজ্ঞান ১১তম ব্যাচের আল সাদিক হৃদয়, ম্যানেজমেন্ট বিভাগ ১১তম ব্যাচের আল সাদিত জিয়ন, মার্কেটিং বিভাগ ১১তম ব্যাচের ফয়সাল, ম্যানেজমেন্ট বিভাগ ১০তম ব্যাচের আরাফাত ইসলাম, প্রানীবিদ্যা বিভাগ ১০ ব্যাচের আবু মুসা রিফাতের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫-২০ জনের নামে এই মামলা দায়ের করা হয়েছে।
এরপর বুধবার রাতে পুলিশ রিয়াদ ইবনে সাদাফ ও সানবীর মাহমুদ ফয়সালকে গ্রেফতার করে বৃহস্পতিবার কোর্টে তুললে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন মহানগর হাকিম জজ আদালত।
সুত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, এই ঘটনায় একটি মামলার পর দুইজনকে গ্রেফতার করে আজ (বৃহস্পতিবার) কোর্টে পাঠানো হয়। বাকিদের ধরার চেষ্টা চলছে।
