যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট এত কঠিন অবস্থায় দায়িত্ব নিয়েছিলেন বলে মনে হয় না। সম্ভবত এর সঙ্গে তুলনা হতে পারে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের দ্বিতীয় মেয়াদের সূচনাকাল। বাইডেন যে এই পরিস্থিতি উপলব্ধি করতে পারেন, তা কেবল তাঁর বক্তৃতায় লিংকনের উদ্ধৃতি থেকেই বোঝা যায় না, বোঝা যায় এই বক্তব্যেও যে, ‘আমরা এখন যে সময়ে আছি আমাদের ইতিহাসে খুব কম লোকই এমনভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে অথবা এমন সময়ের মোকাবিলা করেছে যা এখনের চেয়ে বেশি চ্যালেঞ্জিং বা দুরূহ সময়।’
বাইডেন তাঁর বক্তৃতায় বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলো আমাদের একটি দুঃখজনক শিক্ষা দিয়েছে। সত্য আছে, আছে মিথ্যা। ক্ষমতা এবং মুনাফার জন্য মিথ্যা বলা হয়। একজন নাগরিক হিসেবে, একজন আমেরিকান হিসেবে, বিশেষ করে নেতা হিসেবে, সেই সব নেতা যারা সংবিধান এবং জাতিকে রক্ষার শপথ নিয়েছেন, তাঁদের দায়িত্ব হচ্ছে সত্যকে রক্ষা করা এবং মিথ্যাকে পরাজিত করা।’ বলাই বাহুল্য যে গত চার বছরে, বিশেষ করে ৩ নভেম্বরের নির্বাচনের পরে ট্রাম্প এবং রিপাবলিকান দলের পক্ষে থেকে যেভাবে মিথ্যাচার করা হয়েছে এবং নির্বাচনে জালিয়াতির মিথ্যাচার করে যেভাবে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন তার দিকেই ইঙ্গিত করলেন। এটি রিপাবলিকান দলের প্রতি তাঁর হুঁশিয়ারি বলে বিবেচনা করলে ভুল হবে না।
সাম্প্রতিককালে কোনো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক বক্তৃতায় আন্তর্জাতিক বিষয় এতটা কম ছিল কিনা, সেটা তুলনা করে দেখা যায়। বাইডেন বলেছেন, ‘আমরা আমাদের জোটগুলোকে মেরামত করব। আবার বিশ্বের সঙ্গে যুক্ত হব। কিন্তু তা গতকালের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নয়, আজকের এবং আগামী কালের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য।’
বৈশ্বিক রাজনীতি বিষয়ে বিস্তারিত বক্তব্যের অনুপস্থিতি বলে দিচ্ছে যে, গত চার বছরে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি এবং প্রভাব যে হ্রাস পেয়েছে, তা বাইডেন প্রশাসন ভালো করেই উপলব্ধি করেন। এই ভাবমূর্তি পুনরুদ্ধার বাইডেন প্রশাসনের জন্য একটি বড় কাজ।
একার্থে এই উপলব্ধি এবং বক্তৃতায় আন্তর্জাতিক প্রসঙ্গের অনুপস্থিতিই বলে দিচ্ছে যে, বাইডেন ঘর গোছানোর দিকে মন দেবেন। কিন্তু ঘর গোছানোর পাশাপাশি বিশ্ব রাজনীতির মঞ্চে যুক্তরাষ্ট্রের ভূমিকার শেষ হবে না। ‘বিশ্বকে আমরা আমাদের শক্তি দিয়ে নয়, নেতৃত্ব প্রদান করব উদাহরণ সৃষ্টি করে’—বাইডেনের এই প্রতিশ্রুতি বিশ্ব শুনেছে। এখন অপেক্ষা তার বাস্তবায়ন কীভাবে হয়, তা দেখার জন্য।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট
