প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: নিজের ইউনিটেই হামলার পরিকল্পনার দায়ে এক মার্কিন সেনার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। ইথান মেলজার নামের এই ২২ বছর বয়সী সেনাসদস্য নিজ ইউনিটকে অ্যামবুশ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ তথ্য দেন নয়া-নাৎসিবাদী একটি গোষ্ঠীকে। পরিকল্পনা অনুযায়ী আরও তথ্য দেওয়ার চেষ্টা করার সময় তিনি ধরা পড়ে যান।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ইথান মেলজার ‘অর্ডার অব নাইন অ্যাঞ্জেলস’ নামের একটি নয়া-নাৎসিবাদী গোষ্ঠীকে নিজের ইউনিট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেন। এ সম্পর্কিত আরও কিছু গোপনীয় তথ্য সরবরাহের চেষ্টাও করেছিলেন তিনি। এই গোষ্ঠীটিকে মার্কিন বিচার বিভাগ ‘বর্ণবাদভিত্তিক সহিংস গুপ্ত গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছে।
মার্কিন সেনাবাহিনীর এক সদস্য নিজের ইউনিটের ওপর হামলা চালাতে বাইরের সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাছে গোপনীয় তথ্য সরবরাহ করেছিলেন। প্রতীকী ছবি: রয়টার্স
অর্ডার অব নাইন অ্যাঞ্জেলস গোষ্ঠী ওনা বা ওনাইনএ নামেও পরিচিত। যুক্তরাজ্যভিত্তিক এই সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম ১৯৬০-এর দশকে। নিজেদের তারা ‘স্যাটানিক’ হিসেবে পরিচয় দেয়, যাদের লেখাপত্র নয়া-নাৎসিবাদী গোষ্ঠীগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হয়। এরা মূলত পশ্চিমা দুনিয়ায় বিদ্যমান ইহুদি-খ্রিষ্টান ক্ষমতাবলয় বিরোধী। এই গোষ্ঠী তাদের সদস্যদের সমাজবিচ্ছিন্ন থাকতে এবং রাজনৈতিক সহিংসতায় উদ্বুদ্ধ করে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ও ইউরোপে এ গোষ্ঠীর তৎপরতা বাড়লেও এর সদস্য সংখ্যা ঠিক কত, সে সম্পর্কে কারও কোনো সুস্পষ্ট ধারণা নেই।
এই গোষ্ঠীর কাছেই গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিলেন ইথান মেলজার। হামলার উদ্দেশ্যে করা এই পরিকল্পনা এফবিআই ও মার্কিন সেনাবাহিনী দ্বারা আগেই নস্যাৎ হয়ে যায়। ১০ জুন ইথানকে গ্রেপ্তার করা হয়। ইথানের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যা, মার্কিন সেনাসদস্যদের হত্যার ষড়যন্ত্র, সন্ত্রাসবাদী গোষ্ঠীকে বিভিন্ন তথ্য-উপাত্ত দেওয়া এবং আরও বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
ইথান মেলজার ২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে বাহিনীতে সক্রিয় হন ২০১৯ সাল থেকে।
এ বিষয়ে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অড্রে স্ট্রস বলেন, ‘অভিযোগ অনুযায়ী ইথান মেলজার মার্কিন সেনাবাহিনীর ঘরেই বাস করা এক শত্রু। তিনি নিজের ইউনিটের অবস্থান, শক্তিমত্তা ইত্যাদি সম্পর্কিত তথ্য একটি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী নয়া-নাৎসিবাদী গোষ্ঠীকে সরবরাহ করে, নিজ ইউনিটকেই অ্যামবুশ করতে চেয়েছিলেন।’
‘মেলজার নিজেকে নিজেই বিশ্বাসঘাতক হিসেবে ঘোষণা করেছেন’, উল্লেখ করে এফবিআইয়ের সহকারী পরিচালক উইলিয়াম এফ সুইনি জুনিয়র বলেন, ‘আমাদের দৃষ্টিতেও তিনি তা-ই। তিনি তাঁর দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’
