প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়েছেন। খবর ডনের
শনিবারের এ নির্বাচনে জারদারি পেয়েছেন ৪১১ ভোট। আচাকজাই পেয়েছেন ১৮১ ভোট। অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, জোট সরকারের মনোনীত প্রার্থী জারদারি জাতীয় পরিষদ এবং সিনেট থেকে ২৫৫ ভোট পেয়েছেন আর আচাকজাই ১১৯ ভোট পেয়েছেন।
আজকের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলী জারদারিকে সমর্থন দিয়েছে।
