জুমার নামাজের পর কয়েক শ মুসল্লি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের গেইট থেকে স্লোগান দেওয়া শুরু করেন। অধিকাংশ মুসল্লির হাতে ছিল প্লে-কার্ড। ফ্রান্সের পণ্য বর্জন করা সহ নানা ধরনের বক্তব্য এসব প্লে-কার্ডে লেখা ছিল।
পুরান ঢাকা থেকে আসা হাবিবুর রহমান নামের একজন বলেন, ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। তিনি বলেন, ‘ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে ফ্রান্সের পণ্য বর্জন করার দাবি জানাচ্ছি।’
ছবি: হাসান রাজা।
বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল শুরু হওয়ার পর কড়া পুলিশি নিরাপত্তায় মিছিলটি বিজয়নগর মোড়ে আসে।
১৬ অক্টোবর ফ্রান্সের প্যারিসের শহরতলিতে এক শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। নিহত ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর কার্টুন দেখিয়েছিলেন। এ ঘটনাকে ঘিরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মন্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
