বই পরিচিতি: গ্রিসের পথে পথে
লেখক: মোহাম্মদ ইলিয়াস আলী [ Elias Ali ]
লেখক, পর্যটক মোহাম্মদ ইলিয়াস আলীর ভ্রমন কাহিনীর বই ‘গ্রীসের পথে পথে’ কিছুদিন হলো আমার হাতে এসেছে। বইটি পড়ে মুগ্ধ হলাম। এ মুগ্ধতা থেকেই বইটি নিয়ে দু চার কথা বলার তাগিদ অনুভব করছি মনের গভীর থেকে।
বইটি প্রকাশ করেছে- উৎস প্রকাশন, ঢাকা। প্রকাশ কাল চলতি বছরের (২০২০) একুশে বইমেলা। প্রচ্ছদ এঁকেছেন নিলয় হাসান। সর্বমোট পৃষ্ঠা সংখ্যা- ৬৩।
এর আগে একই লেখকের ‘মিশরের পথে পথে’ বইটিও পড়েছি এবং পরবর্তীতে আমার মিশর ভ্রমনের সময় বেশ কাজে লেগেছে বইটি। গ্রিসের পথে পথে বইটিও একটি সুখপাঠ্য ও তথ্য সমৃদ্ধ বই। গ্রিসের ইতিহাস এবং বর্তমান সমাজ ব্যবস্থার এক স্বচ্ছ চিত্র তুলে এনেছেন লেখক।
যেহেতু লেখক বিলেত প্রবাসী, তাই সফর শুরু হয়েছে বিলেতের লুটন বিমান বন্দর থেকে। অত:পর গ্রিসের রাজধানী এথেন্স এবং বিশ্ববিজয়ী আলেকজান্ডারের পিতৃভূমি থেসালনিকি অঞ্চলের ভার্জিনা/ভেরিয়া শহরে অবস্থিত রাজা ফিলিপের সমাধি পরিদর্শনের বর্ণনা খুবই সুখপাঠ্য। আলোচনার ফাঁকে ফাঁকে উঠে এসেছে পুরাতত্ব, কিংবদন্তী, বাস্তব তথ্যাবলী।
এ বইয়ের একটি মূল্যবান দিক হচ্ছে- গ্রিসে বসবাসরত বাংলাদেশী গনের অতীত বর্তমান নিয়ে আলোচনা । গ্রীক দেবী ‘এথেনা’র নাম থেকেই নামকরণ হয় ‘এথেন্স’ নগরীর। এমনি আরো অনেক চমকপ্রদ তথ্য রয়েছে এ বইয়ে।
গ্রীসের এথেন্স হচ্ছে প্রাচীন সভ্যতার এক অন্যতম কেন্দ্র। আজকের বিশ্ব সভ্যতার অনেক কিছুই শুরু হয়েছে গ্রীসের এথেন্স থেকে। দার্শনিক সক্রেটিস, এরিসস্টটল, প্রমূখের কর্মস্থল এথেন্সের সরস বর্ণনা বইটিকে করেছে সমৃদ্ধ। একজন পর্যটক হিসেবে যখন যেখানে যা দেখেছেন তা ই তুলে ধরেছেন লেখক খুবই দক্ষতার সাথে।
কয়েক হাজার বছরের প্রাচীন স্থাপনা ও তার পেছনের ইতিহাসের অনেক খুঁটিনাটি তথ্যাবলির সমাবেশ ঘটেছে বইয়ে। বইটি সংগ্রহে রাখার মতো। মূল্যবান এ বইয়ের মূল্য ১৭০ টাকা।
প্রকাশনা প্রতিষ্টান উৎস প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা এবং রকমারী ডট কম থেকে আগ্রহী পাঠক বইটি সংগ্রহ করতে পারেন।
আমরা বইটির লেখক মোহাম্মদ ইলিয়াস আলীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করি এবং বইটির বহুল প্রচার হোক এ প্রত্যাশা রাখি।
