বিরহের তুমুল দ্বীপে – সুফিয়া জমির ডেইজী


ব্যস্ত পৃথিবীতে গাঁয়ের পথ হেঁটে যাই
দুর্গতির একাগ্রতায়
বিচিত্র স্বপ্ন দেখা সুখের মলয় রাজ্য, সিংহাসনে
আনন্দ বার্তা নেই, নেই উচ্ছ্বাসিত ঠোঁটে স্বপ্নময়
কোনো কথা। আমি কিন্তু, সুখশিকলে স্বপ্নসুর সাজাই
অভিমানহীন সময়ের সমূহ গানের নুড়ি-পাথরে
আকাশ, নদী আমার প্রিয় ঘুমের
ঘরে ফুটে সুখময় উদ্যানে আফসোসের বাতাস।

অথচ, পাখিডাকা কলরবে নীলিমার গভীর গহ্বর
কেঁপে ওঠে বিরহের তুমুল দ্বীপে
আজ আমি ধুঁকে-ধুঁকে মরে যাচ্ছি ফাল্গুনের
বহুরূপি আগুন সন্ধ্যায়।

আমার হৃদয়ে দুলছে সতত সুষমার বয়ান
চোখে দেখি নোনাজল অবিরত ঝরে পড়ছে…
অভাগীর মনের প্রীতিস্য মনোভূমির বকুলতলায়
কার জন্য এখন বকুলমালায় বিসর্জনে যাবো
পথহারা পথিকের দূর সীমানায়?
নিস্তব্ধ ক্যানভাসে খোঁজে নিয়ো
যদি মায়ার টান থাকে তবে তোমার জন্য
সন্ন্যাসী হওয়া সন্ন্যাসী আমায়।

শেয়ার করুন

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *