প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ-রামপাশা সড়কের জানাইয়া এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গায় দখল করে যুক্তরাজ্য যুবলীগ নেতা তিনটি টিনসেডের ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। রহস্যজনক কারণে সওজের কর্মকর্তারা এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় এলাকাবাসীরা জানান, বিশ্বনাথ উপজেলা সদর থেকে বিশ্বনাথ-রামপাশা সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া রাজার খাল রয়েছেন। খালটি দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকজন দখল করে স্থাপনা নির্মাণ করে যাচ্ছেন। খালটি পুরো ভরাট হয়ে যাওয়া এখন সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রনে চলে যায়। কিন্তু এরপর থেমে নেই দখল।
সম্প্রতি বিশ্বনাথ-রামপাশা সড়কের জানাইয়া এলাকায় যুক্তরাজ্য বার্মিহাম যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সড়ক ও জনপথের কিছু জায়গা দখল করে তিনটি টিনসেডের ঘর নির্মাণ করেছেন। এর পিছনেই তার বাসা রয়েছে। সরকারি জায়গায় ঘর নির্মাণ করে তিনি গত সপ্তাহে পাড়ি দেন যুক্তরাজ্যে।
বর্তমানে এ সড়কে পাশে সরকারি জায়গা দখলের মহাউৎসব চলছে। অভিলম্ভে সরকারি জায়গায় নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজে জোরদাবি জানান এলাকাবাসী।
এব্যাপারে বার্মিহাম যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বর্তমানে তিনি প্রবাসে অবস্থান করছেন বলে জানাযায়।
বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, সরকারি নদী-খাল দখল করে স্থাপনা নির্মাণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সরকারী জায়গা দখলকারীদের কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
সিলেট জেলা সড়ক ও জনপথ প্রকৌশলী নূরুল মজিদ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে লোক পাঠাবো, সত্যতা পেলে দ্রুত প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।
