এই রাজনীতিক বলেন, ‘গত ১৬ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। আমি গিয়েছিলাম। সামনেই আসন দেওয়া হয়েছিল। কিন্তু বক্তারা ছিল আমাদের থেকে ৬০-৭০ ফুট দূরে। সেখানে কোনো নৈকট্য ছিল না, সান্নিধ্য ছিল না। রাজদরবারেও অত দূরত্ব থাকে না। যেটা আমি সেদিন দেখে এসেছি।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমন্ত্রণ কার্ডে লেখা ছিল ফোন ও কলম নেওয়া যাবে না। আমি ফোনও নিইনি, কলমও নিইনি। গিয়ে দেখি সবার কাছেই ফোন, সবার কাছেই কলম। সবার কাছেই হয়তো ছুরি-চাকু থাকতে পারে। আমার মতো একজন ভিতু কিছুই নেয়নি।’
সভাপতির বক্তব্যে গণফোরামের এক অংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেন, এ দেশের মানুষের পথ নির্দিষ্ট হয়ে গেছে। আর কোনো আপস নয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হবে। ২০১৮ সালের নির্বাচনের পর দেশে আর গণতন্ত্র নেই। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে আবার লড়তে হবে।

গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘একাত্তরে সামরিক স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। স্বাধীনতার ৫০ বছরে এসে মনে হচ্ছে সেই স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, কর্তৃত্ববাদী শাসন আবার প্রতিষ্ঠা হয়েছে। বরং পরিস্থিতি আরও ভয়ংকর হয়েছে। এই কর্তৃত্ববাদী শাসনে জনগণের মালিকানা নেই, ভোটাধিকার নেই।’
