প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের লিডস শহরে কাল শুক্রবার (২৬ জুলাই) থেকে নবমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাধারমণ লোক উৎসব। উৎসবের অন্যতম অতিথি বক্তা হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক।
আরও যোগ দেবেন ক্যামেন আইল্যান্ডের সাবেক গভর্নর ও ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা আনোয়ার চৌধুরী, শ্যাডো আইনমন্ত্রী রিচার্ড বার্গন, শ্যাডো প্রতিরক্ষামন্ত্রী ফ্যাবিয়ান হামিলটন এবং লিডস সিটি কাউন্সিলের নগর উন্নয়ন বিভাগের প্রধান কর্মকর্তা সাইদ মাহমুদ।

এবারের উৎসবে প্রথমবারের মতো গাইতে আসছেন প্রতীচ্যে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের শীর্ষ শিল্পী ও অন্যতম প্রচারক বিদুষী চন্দ্রা চক্রবর্তী। লন্ডন থেকে গাইতে আসছেন ব্রিটেনে বাংলা লোকসংগীতের রাজকুমারী গৌরি চৌধুরী, সুফি আমির মোহাম্মদ, অমিত দে, লাবণী বড়ুয়া, জেসি বড়ুয়া, নন্দিতা মুখার্জি, শাহ ইয়াওর মিয়া, সাজ্জাদ মিয়া ও রাহেল চৌধুরী প্রমুখ।
রবীন্দ্রনাথ ও বাংলা লোকসংগীত–বিষয়ক পরিবেশনা নিয়ে আসছেন রবীন্দ্রসংগীতশিল্পী ড. ইমতিয়াজ আহমেদ। বাংলা লোকনৃত্যের বিচিত্র ও বর্ণিল সব পরিবেশনা নিয়ে আমেরিকা থেকে আসছেন সৃষ্টি নৃত্যাঙ্গনের প্রতিষ্ঠাতা রোজমেরি মিতু রিবেইরো ও আরও দুজন নৃত্যশিল্পী।

লন্ডন থেকে যোগ দিচ্ছেন জনপ্রিয় লোকনৃত্যশিল্পী সোহেল আহমেদ ও সোনিয়া সুলতানা। কথা ও কবিতা পাঠে অংশ নিচ্ছেন কবি ডেভিড লি মরগ্যান, গাবি সাম্বুসিটি, জেনুমজ নাকভি, মাইক শেরিফ, আবদুল কুদ্দুস, জাহাঙ্গীর রানা, রব স্মিথ, রেভারেন্ড এমোস কাসবান্তে, নিশাত আফজা, মিলি বসু, ড. তপতী মুখার্জি ও তার দল দিগন্তিকা, কাউন্সিলর আসগর খান, কাউন্সিলর জেন ডাউসন, কবি তাহিরা রেহমান, নাদিম রাথুর, লোরা পট, শাহিন মিতুলি প্রমুখ। প্রাচীন ইউরোপীয় সংগীতের এক অভিনব পরিবেশনা নিয়ে আসছেন এরিক শিলান্ডার। প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি গাইবে জায়না ও অনন্যার মতো শিশু শিল্পীও। এবারের উৎসবে রাধারমণের গানের পাশাপাশি থাকছে রেজিনাল্ড সেন্টারে দুরবিন শাহের গান ও মুরটাউন চার্চে বিলাতের প্রখ্যাত গীতিকবিদের লেখা গানের উপস্থাপনা।
কাল শুক্রবার বিকেল পাঁচটায় লিডসের সেন্ট আগ্নেস চার্চে আধ্যাত্মিক কবিতা, গান ও প্রাচীন ইউরোপীয় সংগীত দিয়ে উৎসবের সূচনা হওয়ার পর সন্ধ্যা আটটায় মুরটাউন চার্চে চলবে রবীন্দ্রনাথের লোকসংগীত ভাবনা ও অন্যান্য পরিবেশনা। পরে রাত দশটা থেকে হ্যালিফ্যাক্সের গভীর অরণ্য ও অপরূপ স্কামোন্ডন লেকের ওপর স্কামোন্ডন সেন্টারে চলতে থাকবে গান, কবিতা ও নৃত্যের মোহ-মধুর পরিবেশনা।
