সিসিক মেয়র আরিফের বিরুদ্ধে থানায় জিডি


প্রবাসবার্তা২৪.কম, সিলেট প্রতিনিধিঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন মোঃ এহছানুল হক তাহের নামের এক ব্যবসায়ী। মেয়র আরিফ তাকে (তাহের) হুমকি দিয়েছেন উল্লেখ করে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় জিডি (নং-৫৪৫) করেন। মঙ্গলবার রাতে এই জিডি করেন তাহের।

জিডি দায়েরকারী এহছানুল হক তাহের নগরীর জল্লারপারের হক মঞ্জিলের ফজলুর হক তানু মিয়ার ছেলে। তিনি জিন্দাবাজার পয়েন্টস্থ একটি লাইব্রেরি ও স্টেশনারি দোকানের পরিচালক। জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র কোতোয়ালি থানার ওসি মোঃ সেলিম মিয়া।

তাহের জিডিতে উল্লেখ করেছেন, মঙ্গলবার আনুমানিক বিকেল ৫টায় জিন্দাবাজারে লতিফ  সেন্টারের সামনে ডান পার্শ্বে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে ড্রেন খননের লক্ষে জায়গা নির্ধারণের বিষয়ে আলাপকালে পরিকল্পনা প্রণয়নের কপি চাওয়ায় তিনি তার ওপর ক্ষিপ্ত হন। এর প্রেক্ষিতেই ব্যবসায়ী তাহের থানায় জিডি করেন।

এ বিষয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, তাহের আমার কাছে জায়গা নির্ধারণের বিষয়ে ঘটনাস্থলেই পরিকল্পনা প্রণয়নের কপি দেখতে চান। তখন আমি তাকে অফিসে গিয়ে পরিকল্পনা প্রণয়নের কপি দেখার পরামর্শ দেই। কিন্তু তিনি তা না করে কোনো স্বার্থন্বেষী মহলের ইন্দনে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *