বার্তা সংস্থা এএফপি বলছে, কাশ্মীর সীমান্তে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় লড়াই এটি। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারতীয় সেনারা। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান কোনো কারণ ছাড়াই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এ হামলায় পাকিস্তান মর্টার ও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় সেনাদের পাল্টা আক্রমণে পাকিস্তান সেনাবাহিনীর অবকাঠামোগত অনেক ক্ষতি ও হতাহত হয়েছে। দুই দেশের সেনাদের লড়াইয়ে কারণে স্থানীয় গ্রামবাসী তাঁদের ঘরবাড়ি ছাড়েন।
নিয়ন্ত্রণরেখায় দুই পক্ষের লড়াইয়ে তিন ভারতীয় সেনা ও তিন জঙ্গি নিহত হওয়ার পাঁচ দিন পর আজ ভয়াবহ লড়াইয়ে জড়ায় ভারত ও পাকিস্তান।
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্মের সময় কাশ্মীর বিভক্ত হয়ে দুই দেশের অংশেই পড়ে। কিন্তু দুই দেশই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে। এটা নিয়ে দুই পক্ষ এ পর্যন্ত তিনটি যুদ্ধে জড়িয়েছে।
