প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: করোনা মহামারির কারণে এ বছর হজ পুরোপুরি বাতিল না করে অল্প কিছু হজযাত্রীকে অনুমতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টারর্সের প্রতিবদেন এ তথ্য জানানো হয়।
সৌদি আরবে কয়েক দিন ধরে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। একই সঙ্গে সংক্রমণ বাড়ছে বিশ্বের বেশির ভাগ দেশেই। এই প্রকোপ বৃদ্ধির ফলে এ বছরের আসন্ন হজ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ সীমিতসংখ্যক মুসল্লিকে হজের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে।
এর আগে গত মার্চে এখনই হজের পরিকল্পনা না করে মুসল্লিদের করোনাভাইরাস মহামারি পরিস্থিতি স্পষ্ট হওয়ার আগপর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দেয় সৌদি আরব। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ওমরাহ পালন। চলতি বছর জুলাইয়ে শেষ নাগাদ হজের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
গত বছর প্রায় ২ কোটি হজযাত্রী ওমরাহ পালন করেন। হজ করেন প্রায় ২৬ লাখ।
