উৎসবমুখর পরিবেশে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত


এমাদাদুল হক চৌধুরী সভাপতি, তাইসির মাহমুদ সেক্রেটারি, সালেহ আহমদ ট্রেজারার নির্বাচিত

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২। নির্বাচনে ১৮২ ভোট পেয়ে প্রেসিডেন্ট পুন:নির্বাচিত হয়েছে সাপ্তাহিক ‘পত্রিকা’র সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ম্যাক্স মিডিয়া লন্ডন এর এডিটর মোহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১২৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন ‘সাপ্তাহিক দেশ’ এর সম্পাদক তাইসির মাহমুদ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাপ্তাহিক জনমত-এর সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ পেয়েছেন ১৩১ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক বাংলা পোস্টের হেড অব প্রোডাকশন্স সালেহ আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইঅন টিভির চীফ রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ পেয়েছেন ১২০ ভোট।

গত ৩০ জানুয়ারি রোববার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কশিনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার বজলুর রশীদ এমবিই, কমিশনার আজিজ চৌধুরী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া। নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত সহযোগিতা দেন ব্যারিস্টার মাহদী হাসান।

প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যান্য পদগুলোতে সিনিয়র সহ-সভাপতি পদে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ানবাংলা নিউজ-এর অনারারী এডিটর শেখ মোজাম্মেল হোসেন কামাল পেয়েছেন ১০৮ ভোট। সহ-সভাপতি পদে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলা সংলাপ এর বিশেষ প্রতিনিধি আনিসুর রহমান আনিস পেয়েছেন ১২৮ ভোট।

ফলাফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার বজলুর রশীদ এমবিই, সাথে রয়েছেন কমিশনার আজিজ চৌধুরী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত সহযোগিতা প্রদানকারী ব্যারিস্টার মাহদী হাসান এবং নির্বাচনে সহযোগিতাকারী কর্মকর্তা ও পর্যবেক্ষকবৃন্দ। ছবি: এলবিপিসি

সহকারি সাধারণ সম্পাদক পদে ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল পেয়েছেন ১৫৪ ভোট। সহকারি কোষাধ্যক্ষ পদে ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইউকেবিডিটাইমস ডটকম এর সম্পাদক মোঃ আব্দুল কাইয়ূম। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নতুনদিনঅনলাইন ডটকম-এর নির্বাহী সম্পাদক পলি রহমান পেয়েছেন ৮৫ ভোট। এই পদে স্বতন্ত্র প্রার্থী টিভিওয়ান-এর প্রেজেন্টার আমিমুল আহসান তানিম পেয়েছেন ৯৬ ভোট।

অর্গানাইজিং এন্ড ট্রেইনিং সেক্রেটারি পদে ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসিক বিলেত বাংলা’র নির্বাহী সম্পাদক মোঃ ইমরান আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী চ্যানেল এস-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার রুপি আমিন পেয়েছেন ১৪৪ ভোট। মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি পদে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলা ভিশনের যুক্তরাজ্য প্রতিনিধি আব্দুল হান্নান। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক কবি আব্দুল কাইয়ুম পেয়েছেন ১৩২ ভোট।

ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি পদে ১৭৪ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর সিনিয়র নিউজ ক্যামেরাপার্সন মোঃ রেজাউল করিম মৃধা। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্রিকলেন- সম্পাদক জুয়েল দাস পেয়েছেন ১৩১ ভোট।

এভাবেই দর্শকরা অধীর আগ্রহে ফলাফল শোনেন। ছবি: এলবিপিসি

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দ্যাএডিটর ডটকম সম্পাদক আহাদ চৌধুরী বাবু (সর্বোচ্চ ভোট ২১৬), দৈনিক বর্তমান সময়-এর বিশেষ প্রিতিনিধি জে.ইউ.এম নাজমুল হোসাইন (১৭৩), আমাদেরপ্রতিদিন ডটকম এর সম্পাদক আনোয়ার শাহজাহান (১৫৪ ভোট), আরটিভির যুক্তরাজ্য প্রতিনিধি সরওয়ার হোসাইন (১৪৮ ভোট) ও নারী এশিয়ান ম্যাগাজিনের সম্পাদক শাহনাজ সুলতানা (১৪৭)।

এছাড়াও নির্বাহী সদস্য পদে আজিজুল হক কায়েস পেয়েছেন ১৩২ ভোট, শাহিদুর রহমান সোহেল পেয়েছেন ১৩১ ভোট, জি আর সোহাইল পেয়েছেন ৯৮ ভোট, শেবুল চৌধুরী পেয়েছেন ৮৯ ভোট, মোহাম্মদ হারুন-অর-রশীদ পেয়েছেন ৭৮ ভোট, মুহাম্মদ কলন্দর তালুকদার পেয়েছেন ৫২ ভোট ও রোমান বখত চৌধুরী পেয়েছেন ২৭ ভোট ।

নির্বাচনে নির্বাহী কমিটির ১৫টি পদে ‘এমাদ-তাইসির-মুরাদ’ অ্যালায়েন্স এবং ‘সাত্তার-মোসলেহ-সালেহ’ অ্যালায়েন্স থেকে  ৩০ জন ও স্বতন্ত্র হিসেবে ৩ জনসহ মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রোববার রাত ১১টার দিকে ফলাফল ঘোষনার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পুনর্নির্বাচিত সভাপতি এমদাদুল হক চৌধুরী বলেন, অতীতের ধারাবাহিকতা রক্ষা করে এই মর্যাদাশীল সংগঠনকে আরো গতিশীল করতে কাজ চালিয়ে যাবো এবং সর্বাধিক বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বাংলা টাউন এলাকায় একটি নিজস্ব ভবন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করবো। এ জন্য যুক্তরাজ্যের অন্যান্য বাংলাদেশী সংগঠনগুলোর সাথে মিলে যৌথভাবে একটি সমন্বিত প্রকল্প গ্রহণের জন্য চেষ্টা চালিয়ে যাবো। তিনি প্রেসক্লাবকে এই পর্যায়ে নিয়ে আসতে সহযোগিতার জন্য ক্লাবের লাইফ মেম্বারদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া তাঁকে দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে নির্বাচিত করায় প্রেসক্লাবের সাধারণ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, আমি মনে করি প্রেসক্লাবের ৩২০ জন সদস্যই আমাকে ভোট দিয়েছেন। সকলকে নিয়েই একটি সদস্য-বান্ধব গতিশীল প্রেসক্লাব উপহার দিতে কাজ করে যাবো। প্রেসক্লাবের সদস্যরাই আমাদের ক্লাবের বড় শক্তি। তাদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি প্রেসক্লাব অফিসকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে প্রাণোবন্ত করার চেষ্টা করবো। সর্বোপরি বাংলা টাউন এলাকায় প্রেসক্লাবের একটি স্থায়ী ভবন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্নভাবে ফান্ডরেইজ করে প্রেসক্লাবের তহবিলকে সমৃদ্ধ করবো। তিনি আগামী দিনগুলোতে প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যেতে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

এর আগে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের দ্বিবার্ষিক প্রতিবেদন এবং ট্রেজারার আ.স.ম মাসুম আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে প্রশ্নোত্তর পর্বে প্রেসক্লাবের সাধারণ সদস্যরা বিভিন্ন প্রশ্ন রাখেন । মধ্যাহ্নভোজ শেষে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠিত। এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত সংগীত শিল্পী ফাহমিনা নবী ও ক্লোজআপ ওয়ান তারকা রানা খান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *