প্রবাস বার্তা ডেস্ক রিপোর্টঃ ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।বুধবার ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির এক জরুরি সভায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ আহ্বান জানান।
ইসরাইলের নিন্দা জানিয়ে তিনি বলেন,ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা ও অবৈধ স্থাপনা নির্মাণ করে অবৈধ ইসরাইলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। শাহরিয়ার আলম বলেন,ইসরাইলের উস্কানি মূলক কার্যক্রম শুধু মানবিক সংকট বাড়ায় এবং দুই রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর আলোচনার পথ বন্ধ করে দেবে।
এসময় তিনি বায়তুল মোকাদ্দাসকে রাজধানী হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন,ফিলিস্তিনের পাশে বাংলাদেশ সবসময়ই থাকবে।ফিলিস্তিনের মানুষের পাশে বাংলাদেশের সরকারের সমর্থন ও সহানুভূতি রয়েছে এবং এ ব্যাপারে বাংলাদেশের সংবিধানে বাধ্যবাধকতা রয়েছে।
