প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেট নগরীর বন্দরবাজার এলাকার সিটি পয়েন্ট হিসেবে পরিচিত চত্বরকে ‘কামরান চত্বর’ হিসেবে নামকরণের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সিটি করপোরেশনের মাসিক সভায় কামরানসহ সিলেটের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে বিভিন্ন স্থাপনা ও সড়ক নামকরণের ব্যাপারে সর্বসম্মত এ সিদ্ধান্ত হয়েছে ।
সভা শেষে সংবাদ সম্মেলন ডেকে এসব তথ্য জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি নিজেই সিটি করপোরেশনের বৈঠকে সিটি পয়েন্টকে কামরান চত্বর হিসেবে নামকরণের প্রস্তাব করেছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে মেয়র আরিফ বলেন, সিটি করপোরেশনের সভায় আমি এই চত্বরের (সিটি পয়েন্ট) নাম কামরান চত্বর হিসেবে প্রস্তাব করেছি। আমাদের সকল কাউন্সিলর এতে সম্মতি প্রদান করেছেন।
এই চত্বর ছাড়াও অন্যান্য চত্বর ও স্থাপনা নামকরণের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। মেয়র এই কমিটির প্রধান থাকবেন। এছাড়া সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে কমিটিতে রাখা হবে। কমিটির সিদ্ধান্তের পর মন্ত্রণালয়ে নামের প্রস্তাব পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা(যুগ্ম সচিব) বিধায়ক রায় চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নুর আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কামরান চত্বর নামকরণ নিয়ে গত দুদিন ধরে সিলেটের রাজনীতিতে বেশ উত্তাপ ছড়াচ্ছিলো। গত ১৫ জুন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুর পর সিটি পয়েন্টকে ‘কামরান চত্বর’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
তবে গত রোববার সন্ধ্যায় ওই এলাকায় নির্মিত একটি স্থাপনার উদ্বোধন করতে গিয়ে এই মোড়কে ‘নগর চত্বর’ হিসেবে ঘোষণা করেন মেয়র আরিফ।
এনিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সোমবার (২৭ জুলাই) আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগি সংগঠনের কিছু নেতাকর্মী মিছিল নিয়ে বন্দরবাজার এলাকায় এসে আরিফের লাগানো ‘নগর চত্বর’ সাইনবোর্ডের উপর ‘কামরান চত্বর’ সাইনবোর্ড বসিয়ে দেন। এসময় মেয়র আরিফের প্রতিও বিষেদগার করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
