প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পক্ষে সাফাই গাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা শুরুর পর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৮টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেন ভারতের এই প্রধানমন্ত্রী।
এ সময় অনুচ্ছেদ ৩৭০ বাতিল হওয়ার ব্যাপারে তিনি বলেন, এটি এ অঞ্চলের মানুষকে মুক্ত করবে এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে তাদের আরো ঘনিষ্ঠতা বাড়বে।
প্রায় ৪০ মিনিট ধরে দেয়া ভাষণে মোদি বলেন, জম্মু-কাশ্মীর এবং লাদাখের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হতো। বল্লব ভাই প্যাটেল থেকে বিআর আম্বেদকর, এসপি মুখার্জি, অটল বিহারি বাজপেয়ী এবং কোটি কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ হয়েছে। জম্মু-কাশ্মীরে নতুন যুগের সূচনা হয়েছে। এখন দেশের প্রত্যেকেই সমান অধিকার এবং সুবিধা ভোগ করবেন। আমি জম্মু-কাশ্মীর, লাদাখ এবং দেশের সব মানুষকে অভিনন্দন জানাই।
কিছু সময় থাকে যখন কিছু জিনিস থমকে থাকে, পরিবর্তন হয় না। অনুচ্ছেদ ৩৭০ এর ক্ষেত্রেও তেমন ঘটনা ঘটল। অনুচ্ছেদ ৩৭০ মানুষের ক্ষতি করেছে, জম্মু-কাশ্মীরের শিশুদের ক্ষতি করেছে; কিন্তু এটা নিয়ে কোনো কথা হয়নি।
