প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা-সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারত। এতে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। জম্মু-কাশ্মীর নিয়ে ইস্যু নিয়ে মোদী সরকারের এ ধরনের ‘অমিতবিক্রমী’ পদক্ষেপের পরের দিনই কড়া সমালোচনায় সরব হলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, এতে জাতীয় সংহতি মোটেই শক্তিশালী হল না। বরং দেশের নিরাপত্তার ক্ষেত্রে তা বিপদজনক হয়ে দাঁড়াল।
সংসদে এই সরকারি পদক্ষেপের বিরোধিতা কীভাবে করা হবে, তা নিয়ে মঙ্গলবার সকালেই সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে এক দফা বৈঠক হয় কংগ্রেস সংসদ সদস্যদের। তার কিছু ক্ষণের মধ্যেই টুইটে মোদী সরকারের ‘অমিতবিক্রমী’ পদক্ষেপের সমালোচনা করেন রাহুল।
টুইটে রাহুল লেখেন, সংবিধানকে লঙ্ঘন করে, নির্বাচিত জনপ্রতিনিধিদের জেলে পুরে ও জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে জাতীয় সংহতিকে শক্তিশালী করা যায় না। শুধুই কিছু জমির খণ্ড দেশটাকে গড়ে তোলেনি, দেশটাকে গড়ে তুলেছেন দেশের নাগরিকরাই। প্রশাসনিক ক্ষমতার এই অপব্যবহার দেশের নিরাপত্তার পক্ষে বিপদজনক।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন গতকাল লোকসভায় কাশ্মীর নিয়ে সরকারি পদক্ষেপের ঘোষণা করছিলেন, সেই সময় দলের অবস্থান কী হবে, তা নিয়ে দৃশ্যতই কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে দেখা যায় কংগ্রেস সংসদ সদস্যদের। তাদের মধ্যে এমনকী মতবিরোধও দেখা যায়। রাহুল নিজেও মুখে কুলুপ এঁটেই ছিলেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
