প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্ট :: ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি টাকা আত্মসাতের যে মামলা হয়েছে তা আদালতে প্রমাণ হয়নি’ এমনটাই দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।
তিনি বলেছেন, ‘কোর্ট-কাছারিতে প্রমাণ হয়নি বেগম খালেদা জিয়া ওই টাকা আত্মসাৎ করেছেন। প্রমাণ হয়নি, সাক্ষ্যও পাওয়া যায়নি। ওই টাকা জিয়া অরফানেজ ট্রাস্টের অ্যাকাউন্টেই আছে। দিনে দিনে সুদে আসলে বেড়ে ওই টাকা আজকে ছয় কোটি টাকা হয়েছে।’
মূলত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য খালেদা জিয়াকে আটকে রেখেছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘এই (জিয়া অরফানেজ ট্রাস্টের জন্য আসা বৈদেশিক সহযোগিতা) টাকার জন্য বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছেন এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে দেশে লুটতরাজ করার জন্য। শেয়ার বাজার লুট করার জন্য। বাংলাদেশ ব্যাংক লুট করার জন্য। এই দেশের ক্ষমতায় নিজেকে চিরস্থায়ী করার জন্য আপনারা (আওয়ামী লীগ সরকার) বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছেন। আমরা খালেদা জিয়ার মুক্তি চেয়েছি কোর্টের মাধ্যমে।’
তিনি সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, ‘তারেক রহমানকে অপরাধী প্রমাণ করতে গত চার বছরে সরকারের ব্যয় হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। কিন্তু তারেক রহমানকে অপরাধী প্রমাণ করতে পারেনি। এ সময় তিনি প্রশ্ন করে বলেন, ৪৫ হাজার কোটি টাকা কোথা থেকে আসলো। এটা কি ক্যাসিনোর টাকা? নাকি শেয়ার বাজারের টাকা? নাকি বাংলাদেশ ব্যাংক লুটের টাকা? এটা জনগণ জানতে চায়।’
তিনি অভিযোগ করে বলেন, ‘পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে এই সরকার ক্ষমতায় টিকে আছে। ইলেকশনের আগের রাত্রে ২৯ তারিখে ভোট হয়ে গেল। কেউ ভোট দিল না; ইলেকশন হয়ে গেল।’ দুর্নীতির অভিযোগে কারাগারে থাকা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার দুপুরে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা মির্জা আব্বাস এই কথাগুলো তুলে ধরেন।
