চিকিৎসা দাও, মানুষ বাঁচাও: সিপিবি


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: পর্যাপ্ত করোনা টেস্টের ব্যবস্থা, জেলায় জেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন, উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নমুনা সংগ্রহ, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অন্যান্য রোগীর চিকিৎসা প্রাপ্তির ব্যবস্থাকরণ এবং চিকিৎসা সেবার সাথে জড়িতদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা কমিটি।

সোমবার (১১ মে) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের সামনে শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি ও সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সিপিবি গাইবান্ধা জেলা কমিটি।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মাহমুদুল গণি রিজন, জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ দাবি করেন, অবিলম্বে গাইবান্ধায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন করে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করতে হবে।

সেই সাথে অন্যান্য রোগে আক্রান্তরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরে স্বাস্থ্যমন্ত্রী বরাবর ২৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা সিভিল সার্জন ডা. আবু হানিফের হাতে তুলে দেন জেলা সিপিবি’র সভাপতি মিহির ঘোষ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *