প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: মরণব্যাধী করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসা দিতে গতকাল রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন ডা. ফেরদৌস খন্দকার। কিন্তু আসার পরপরই তাকে জোর করে বিমানবন্দর থেকে সরাসরি আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাশাপাশি সঙ্গে করে নিয়ে আসা প্রায় আটটি স্যুটকেস বিমানবন্দরে আটকে রাখা হয়েছে।
আজ সোমবার এক ফেসবুক লাইভে এসে ডা. ফেরদৌস খন্দকার অভিযোগ করে জানান, নিউইয়র্ক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর থেকেই বিপত্তি বাধে। সেখান থেকে এক প্রকার জোর করেই তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সঙ্গে থাকা চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী আটকে দেয়া হয়েছে।
তিনি বলেন, আটটি স্যুটকেস নিয়ে এসেছিলাম। সেগুলোতে হটলাইনের যোদ্ধা, ডাক্তার, নার্সদের দেয়ার জন্য মাস্ক, গ্লাভস, পিপিই ইত্যাদি সামগ্রী ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে দিয়ে বলেছে, এগুলোর নাকি ট্যাক্স দিতে হবে। নয়তো দেয়া হবে না। তাই এগুলো সঙ্গে করে নিয়ে আসতে পারিনি।
আপনাদের কেউ যদি পারেন, তাহলে এগুলো বিমানবন্দর থেকে ছাড়িয়ে নিয়ে যান। এগুলো নিয়ে করোনার বিরুদ্ধে সামনের সারিতে যুদ্ধ করা যে কাউকে দিতে পারেন, আমার কোনো দাবি নাই। আমি এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। আমার কাজটুকু আমি করেছি, যোগ করেন ডা. ফেরদৌস খন্দকার।
যুক্তরাষ্ট্র থেকে আনা সুরক্ষা সামগ্রীগুলো যেকোনো হাসপাতালে দিয়ে দেয়ার অনুরোধ জানিয়ে এই চিকিৎসক বলেন, আপনাদের মধ্যে কেউ যদি দায়িত্বপ্রাপ্ত থাকেন, তাহলে আশা করবো এই বাকি কাজটুকু করবেন। যে কোনো একটি হাসপাতালে এগুলো দিয়ে দেবেন। যেকোনো একটি হাসপাতাল, আপনাদের কাছে আমার এই একটিই অনুরোধ।
