আমি যেন তোমার অভ্যেস না হই কখনো ;
আমি চাই – কোয়ারেন্টাইন দিন শেষ হয়ে গেলে
আমাতে তুমি বাধ্য হও ।
স্কুল পালানো ছেলেটা বাড়ি ফিরে মা’য়ের বকুনি
খেতে বাধ্য হয় যেমন ;
সরকারের নির্দেশ মোতাবেক ঘরে আছো যেমন ;
ঠিক ততোটাই বাধ্য হও তুমি ৷
অভ্যেস হতে পারে কাপড়ে – খাবারে – কাজেতে ;
নির্ঘুম অনভ্যেস রাতগুলোতে তুমি আমার হও ।
যা কিছু রুটিনে ছিল না কোন দিন কোন কালেও ;
আমরা আজ তাকেই অভ্যেস করে নিয়েছি।
ঘড়ি ধরা অফিস, ঘন্টার পর ঘন্টা ট্র্যাফিক;
ক্যালেন্ডারের দিন তারিখ অব্দি মনে রাখছি না।
এমনি সবটা ভুলে গিয়ে
আনমনা তোমার সময় শুধু আমাকে খুঁজুক।
চেনা শহরের বুক ভেদ করে ;
কোটি মানুষের ঘ্রাণ উপেক্ষা করে,
তোমার নাসারন্ধ্রে স্পর্শ করুক
আমার শরীরের সোদা গন্ধ ৷
আমি তোমার অভ্যেস হয়ে যাব না কোন দিন।
আমি চাই – তুমি আমাতে সারাক্ষণ মত্ত হও,
যতোটা মাতাল হলে নিজেকে সমর্পিত করা যায়
প্রেয়সীর বাহুডোরে ;
তুমি তেমন একজন বাধ্য প্রেমিক হও।
কবিতাটা এডিট করলাম কোভিড ১৯
দিনলিপির স্বাক্ষ্মী হিসেবে৷
২৩ শে এপ্রিল ২০২০
