দুই র‌্যাব সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: দিনাজপুরে সীমান্তে অভিযানে যাওয়া দুই র‌্যাব সদস্যকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দুপুরে চিরিরবন্দর উপজেলার বি-আমতলী সরস্বতীপুর সীমান্তের মেইন পিলার ৩০৭, সাব-পিলার-১ এর কাছে এ ঘটনা ঘটে।

bsf indiaভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

যে দুইজনকে আটক করা হয়েছে তারা হলেন র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ এর সহঅধিনায়ক (এএসপি) শ্যামল চং ও কনস্টেবল আবু বকর সিদ্দিক।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও র‌্যাব সদস্যদের ফিরিয়ে দিতে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে সীমান্তের সমজিয়া মণ্ডলপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযানে যান এক দল র‌্যাব সদস্য। তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে (এক গ্রুপে তিন জন, অপর গ্রুপে দুই জন) অভিযানে নামেন। একপর্যায়ে ভুল করে ভারতের একটি গ্রামে ঢুকে পড়েন। সেখান থেকে ৩ জনের গ্রুপটি ভারতীয় নাগরিক মিলনকে আটক করে। এ সময় মিলন চিৎকার শুরু করলে মোশাররফ মাস্টার ও হিরোসহ কয়েকজন র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়।

তখন সেখানে গুলি ছুড়ে কৌশলে পালিয়ে আসে তারা। কিন্তু বাকি দুজনকে স্থানীয় জনগণের সহায়তায় আটক করে বিএসএফ সদস্যরা। তাদের সমজিয়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠিয়েছে বিজিবি।

এ বিষয়ে ২৯ বিজিবি অধিনায়ক শরিফ উল্লাহ আবেদ এবং র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করতে চাইলেও তারা কোনো জবাব দেননি। এমনকি ঘটনাস্থলে কোনো সাংবাদিককে ঢুকতে দেয়নি বিজিবি সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *