বাংলা মর্মবাণী’তে ব্যবহৃত কয়েকটি নির্বাচিত হাদিস নিচে প্রকাশিত হলো:


‘হাদীস শরীফ: বাংলা মর্মবাণী’তে ব্যবহৃত কয়েকটি নির্বাচিত হাদিস নিচে প্রকাশিত হলো:

 তোমাদের মনে কখনো কারো প্রতি কোনো বিদ্বেষ বা অমঙ্গল চিন্তা থাকবে না — এটাই আমার সুন্নত। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, জান্নাতে সে আমার পাশে থাকবে।

— নবীজী (স)

প্রতিটি কাজ তুমি সবচেয়ে ভালোভাবে করবে। এটাই আল্লাহর নির্দেশ।

  —নবীজী (স)

৪০টি হাদিসের জ্ঞান যে আত্মস্থ ও সংরক্ষণ করবে, মহাবিচার দিবসে একজন জ্ঞানী হিসেবে তার পুনরুত্থান হবে এবং আমি [নবীজী (স)] তার শাফায়াতকারী হবো।
আবু দারদা (রা); মেশকাত

 ঘাত-প্রতিঘাতে না পড়লে সহনশীল হওয়া যায় না, অভিজ্ঞতা ছাড়া প্রাজ্ঞ হওয়া যায় না।

আবু সাঈদ খুদরী (রা); তিরমিজী, বোখারী

শারীরিক এবং আর্থিক বিপদ ও ক্ষয়ক্ষতিতে নিমজ্জিত হয়েও যদি কেউ (আল্লাহর বিরুদ্ধে) অভিযোগ না করে (বিশ্বাসে অটল থাকে), তবে আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী করবেন।
—তাবারানী

সকালে ঘুম থেকে উঠে যদি দেখ তুমি ঘরে নিরাপদে আছ, শরীর সুস্থ আছে, ঘরে সারাদিনের খাবার আছে, তাহলে ধরে নাও পৃথিবীর সবই তোমার আছে!
ওবায়দুল্লাহ ইবনে মিহসান (রা); তিরমিজী, মুফরাদ (বোখারী)

যদি তোমাকে কেউ অপবাদ দেয়, গালিগালাজ করে বা তোমার কোনো দোষ—যা সে জানে, তা উল্লেখ করে বদনাম ছড়ায়, তোমাকে লজ্জায় ফেলে দেয়, (তবুও) তুমি নীরব থাকবে। তুমি তার যে দোষগুলো জানো, তা প্রকাশ করে তাকে লজ্জায় ফেলে দেবে না। মনে রেখো, তার পাপের বোঝা তার ওপরই বর্তাবে। তোমার সদাচরণের জন্যে তুমি পুরস্কৃত হবে।
জাবির ইবনে সুলাইম (রা); আবু দাউদ, তিরমিজী, আহমদ

কাউকে প্রশংসা করতে গিয়ে যুক্তির সীমালঙ্ঘন কোরো না।
আবু মুসা (রা), আবদুর রহমান ইবনে আবু বকর (রা); বোখারী

যদি তুমি শোনো যে, একটা পাহাড় অপসারণ করা হয়েছে তবে তা বিশ্বাস করতে পারো। কিন্তু যদি শোনো যে, একজন মানুষের স্বভাব রাতারাতি বদলে গেছে, তাহলে তা (তৎক্ষণাৎ) বিশ্বাস করবে না।

আবু দারদা (রা); আহমদ

আমার [নবীজী (স)] পরে তোমরা অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হবে। তখন তোমরা নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করবে এবং (ধৈর্যের সাথে পরিস্থিতি পরিবর্তন ও নিজের অধিকার ফিরে পাওয়ার জন্যে) আল্লাহর কাছে প্রার্থনা করবে।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা); বোখারী, মুসলিম

দীর্ঘ মৌনতা পালন করো। দীর্ঘ মৌনতা শয়তানকে তোমার কাছ থেকে দূরে তাড়িয়ে দেয় এবং তোমার ধর্মপরায়ণতা জোরদার করে।
আবু যর গিফারী (রা); মেশকাত, বায়হাকি

কৃতজ্ঞতা প্রকাশ করো। উপকৃত হয়ে যে মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে কখনো আল্লাহর শোকরগোজার বান্দা হতে পারে না।
আবু হুরায়রা (রা); আবু দাউদ, আহমদ

মুসলমান, ইহুদি ও মূর্তিপূজকদের এক সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় নবীজী (স) সবাইকে সম্বোধন করে সালাম দিলেন—‘আসসালামু আলাইকুম’।উসামা ইবনে জায়েদ (রা); বোখারী, মুসলিম

সালাম পূর্ণতা পায় হাত মেলানো বা করমর্দনের মাধ্যমে।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা), আবু উমামা (রা); বায়হাকি, তিরমিজী

যারা স্ত্রীকে প্রহার করে, তাদের সদাচারী বলা যায় না।
আবদুল্লাহ ইবনে যামআ (রা), আবদুল্লাহ ইবনে জুবাইর (রা); বোখারী, মেশকাত

নবীজীর (স) কাছে একজন জানতে চাইলেন, ‘আমার মা হঠাৎ মারা যান। আমার মনে হচ্ছে, তিনি যদি মৃত্যুর আগে বলে যেতে পারতেন, তাহলে দান করার কথা বলতেন। এখন আমি যদি তার পক্ষ থেকে দান করি, তবে কি তিনি এর সওয়াব পাবেন?’ নবীজী (স) স্পষ্ট উত্তর দিলেন, ‘হাঁ! অবশ্যই পাবেন!’
আয়েশা (রা); বোখারী, মুসলিম

ক্রুদ্ধ অবস্থায়ও যে নিজেকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সত্যিকারের শক্তিমান।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা); বোখারী, মুসলিম

দুনিয়ায় যে ব্যক্তি অন্যের দোষত্রুটি গোপন রাখবে, আল্লাহ আখেরাতে তার দোষত্রুটি গোপন রাখবেন।
আবু হুরায়রা (রা); মুসলিম

অন্যের অনুপস্থিতিতে তার কোনো দোষ নিয়ে আলোচনা করা গীবত। যে দোষ তার মধ্যে নেই, তেমন কথা নিয়ে আলোচনা মিথ্যা অপবাদ।
আবু হুরায়রা (রা); মুসলিম

প্রতিটি কাজ তুমি সবচেয়ে ভালোভাবে করবে। এটাই আল্লাহর নির্দেশ। যখন কোনো পশুকে জবেহ করবে—সঠিক নিয়মে ভালোভাবে জবেহ করবে, যাতে পশুটির কষ্ট কম হয়। ছুরি ভালো করে শানিয়ে নেবে, যাতে দ্রুত জবেহ হয়ে যায়।
শাদ্দাদ ইবনে আওস (রা); মুসলিম, তিরমিজী

অধীনস্থের সাথে দুর্ব্যবহারকারী জান্নাতে প্রবেশ করবে না।
আবু বকর সিদ্দীক (রা); তিরমিজী, আহমদ

কোনো পণ্য অগ্রিম ক্রয় করার পর তা নিজের হস্তগত হওয়ার আগে অন্যের কাছে বিক্রি বা হস্তান্তর করতে পারবে না।
হাকেম ইবনে হিজাম (রা); আবু দাউদ, নাসাঈ

আল্লাহর পথে শহিদ হলেও ঋণ মাফ করা হবে না। এর শাস্তি ভোগ করতে হবে।
আবু কাতাদা হারিস ইবনে রিবি (রা); মুসলিম

সুদ এক জঘন্য পাপাচার। এর ৭০টি স্তর রয়েছে। সবচেয়ে ক্ষুদ্র স্তর হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করার সমান পাপ।
আবু হুরায়রা (রা); ইবনে মাজাহ

অবৈধভাবে কাউকে সাহায্য করার জন্যে কেউ যদি সুবিচার ও নৈতিকতার নীতিমালা লঙ্ঘন করে, তবে সে পরকালে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের কাতারে স্থান পাবে।
—মেশকাত

আল্লাহ একজনের অন্য সকল পাপের শাস্তি মহাবিচার দিবস পর্যন্ত স্থগিত রাখতে পারেন। কিন্তু পিতামাতার ন্যায্য হক আদায় না করার দোষে যে দোষী, তার প্রাথমিক শাস্তি এই পৃথিবীতেই তিনি দেবেন। আর পরকালের শাস্তি পরকালে।
—বায়হাকি

বিধবা নারীর ইচ্ছা ও কুমারীর অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না।
আবু হুরায়রা (রা); বোখারী, মুসলিম

সাবধান! স্ত্রীদের ওপর তোমাদের যেমন অধিকার রয়েছে, একইভাবে স্ত্রীদের অধিকার রয়েছে তোমাদের ওপর। (পরস্পরের অধিকার সম্পর্কে সচেতন থেকো)
আমর ইবনে আল আহওয়াস (রা); তিরমিজী

ওজুতে প্রচুর পানি ব্যবহার করতে দেখে নবীজী (স) এক সাহাবীকে সতর্ক করে দেন। তিনি তাকে বলেন, প্রবহমান নদীর ধারে বসে থাকলেও তুমি এক ফোঁটা পানির অপচয় করবে না।
আবদুল্লাহ ইবনে আমর (রা); ইবনে মাজাহ

একজন সাহাবী বললেন, হে আল্লাহর রসুল! আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না। নবীজী (স) জিজ্ঞেস করলেন, ঘরে তোমরা কি আলাদা আলাদা খাও? সাহাবী বললেন, জ্বী হাঁ। নবীজী (স) বললেন, তোমরা একসাথে খাও। আল্লাহর নাম নিয়ে খাও। খাবারে বরকত ও তৃপ্তি পাবে।
ওয়াহশি ইবনে হারব (রা); আবু দাউদ

নবীজী (স) যখন হাঁচি দিতেন, তখন মুখের ওপর নিজের হাত বা কাপড় রাখতেন এবং হাঁচির শব্দ নিচু করতেন বা চাপা দিতেন।
আবু হুরায়রা (রা); আবু দাউদ, তিরমিজী

তোমরা জুতো পরার সময় ডান পা থেকে শুরু করবে। আর জুতো খোলার সময় বাম পা থেকে প্রথম খুলবে। তাহলে ডান পা জুতো পরার সময় হবে প্রথম এবং খোলার সময় হবে শেষ।
আবু হুরায়রা (রা); বোখারী, মুসলিম

কখনো নিজেকে, নিজের সন্তানকে বা নিজের সম্পদকে অভিশাপ দেবে না বা এ সম্পর্কে বদদোয়া করবে না। এমন হতে পারে—যখন তুমি বদদোয়া করছ, সে সময়টা আল্লাহর কাছে দোয়া কবুলের সময়। আর তখন তোমার এই অভিশাপ বা বদদোয়া কবুল হয়ে যেতে পারে।
জাবির ইবনে আবদুল্লাহ (রা); মুসলিম

রোগীকে দেখতে গেলে তার পাশে বসবে। মৃদু স্বরে কথা বলবে। সেখানে উপস্থিত কারো সাথে কোনো বিষয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়বে না।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা); মেশকাত

এক মহিলা একটি বিড়ালকে খাবার ও পানি না দিয়ে বেঁধে রেখেছিল। ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে বিড়ালটি ধুঁকে ধুঁকে মারা যায়। নবীজী (স) বলেন, শাস্তি হিসেবে মহিলার জন্যে বরাদ্দ হয় জাহান্নাম।
আবদুল্লাহ ইবনে ওমর (রা); বোখারী, মুসলিম

কিছু কিছু মানুষ আমাদের নিকট মাংস নিয়ে আসে। কিন্তু আমরা জানি না ওরা এই প্রাণী জবেহ করার সময় আল্লাহর নাম নিয়েছিল কিনা। আমরা কী করব? নবীজী (স) বললেন, ‘তোমরা বিসমিল্লাহ বলে নাও এবং খাও।’
আয়েশা (রা); বোখারী, আশকালানী

কোনোকিছু নিয়ে সন্দেহ হলে তা থেকে বিরত থাকো। যা সন্দেহমুক্ত তা গ্রহণ করো। সত্য ও সঠিক কাজ অন্তরে শান্তি আনে। আর সংশয় বা সন্দেহযুক্ত কাজ অন্তরে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করে।
হাসান ইবনে আলী (রা); তিরমিজী

নবীজী (স) ইফতার করতেন তিনটি তাজা-পাকা খেজুর দিয়ে। তাজা-পাকা খেজুর না পেলে তিনটি শুকনো খেজুর দিয়ে। আর শুকনো খেজুর না পেলে তিন ঢোক পানি পান করে।
আনাস ইবনে মালেক (রা); তিরমিজী

দুটি কারণে একজন মানুষ জাহেলিয়াতে নিমজ্জিত হতে পারে। এক. কাউকে বংশের খোঁটা দিলে। দুই. মৃতের জন্যে বিলাপ করে কাঁদলে।
আবু হুরায়রা (রা); মুসলিম

মসজিদে নববীর ঝাড়ুদার কৃষ্ণাঙ্গ মহিলাকে একদিন দেখতে না পেয়ে রসুল (স) তার কথা সাহাবীদের জিজ্ঞেস করলেন। তারা বললেন, সে মারা গেছে। তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, আমাকে তোমরা খবর দাও নি কেন! আমাকে তার কবরে নিয়ে চলো। তিনি কবরের কাছে গিয়ে তার জন্যে দোয়া করলেন।
আবু হুরায়রা (রা); বোখারী, মুসলিম

, , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *